আলিয়ার নতুন লুকে মুগ্ধ নেটদুনিয়া, আলোচনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই আলোচনায় এসেছেন আলিয়া ভাট। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমায় অভিনেত্রীকে এবার দেখা গেছে একেবারে ভিন্ন গ্ল্যামারাস রূপে।
নতুন পোস্টারে একটি চেয়ারে বসা অবস্থায় দেখা যায় আলিয়াকে। তাঁর পরনে ছিল স্লিট স্কার্ট, সঙ্গে নজরকাড়া হেডপিস। পোশাক, সাজসজ্জা ও অভিব্যক্তিতে ফুটে উঠেছে রেট্রো ক্যাবারের আবহ। তাঁর এই নতুন লুক ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
পোস্টারটি প্রকাশ করে নির্মাতাদের পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয়েছে—‘আগ ভি, দিলো কি জান ভি!’ অর্থাৎ আগুনের মতো তীব্র, আবার হৃদয়ের স্পন্দনের মতো আবেগময়।

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। সিনেমাটিতে তাঁদের আবারও জুটি হিসেবে পর্দায় দেখা যাবে। এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন এই দুই তারকা।
সিনেমাটি পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি। এর মাধ্যমে পরিচালকের সঙ্গে দ্বিতীয়বারের মতো কাজ করছেন আলিয়া। তবে এবার পিরিয়ড ড্রামার পরিচিত আবহের বদলে সমকালীন প্রেক্ষাপটে গল্প সাজিয়েছেন নির্মাতা।
এর আগে সিনেমাটিতে রণবীর কাপুরের চরিত্রের প্রথম লুকও প্রকাশ করা হয়েছিল। ধাপে ধাপে প্রধান অভিনয়শিল্পীদের লুক সামনে এনে সিনেমাটির প্রচার শুরু করেছেন নির্মাতারা।
নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ‘লাভ অ্যান্ড ওয়ার’ আগামী ২১ জানুয়ারি ২০২৭ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নতুন পোস্টার প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।



