ভিএমএতে রেকর্ডের পর রেকর্ডের সামনে টেলর সুইফট

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) ২০২৬ আসরে নতুন ইতিহাস গড়ার সুযোগ এসেছে মার্কিন পপ তারকা টেলর সুইফটের সামনে। এবারের আয়োজনে তাকে সম্মানজনক ‘আর্টিস্ট ডিরেক্টর’ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি প্রতিযোগিতামূলক বিভিন্ন বিভাগে ১১টি মনোনয়ন পেয়েছেন তিনি।
এই বিশেষ সম্মাননা যুক্ত হলে ভিএমএ ইতিহাসে এককভাবে সর্বাধিক পুরস্কারজয়ী শিল্পী হওয়ার রেকর্ড গড়বেন সুইফট। অ্যাকশন-নেটওয়ার্ক ডটকমের তথ্য অনুযায়ী, নতুন পুরস্কারটি পেলে তার মোট ভিএমএ ট্রফির সংখ্যা দাঁড়াবে ৩১টি। এতে ব্যক্তিগত ও বিভিন্ন যৌথ কাজ মিলিয়ে ৩০টি ভিএমএ পাওয়া বিয়ন্সেকে ছাড়িয়ে যাবেন তিনি।
‘ভিডিও অব দ্য ইয়ার’ বিভাগেও মনোনয়ন পেয়েছেন সুইফট। ‘দ্য ফেট অব ওফেলিয়া’ গানের জন্য পুরস্কারটি জিতলে এই বিভাগে তার ট্রফির সংখ্যা হবে ছয়টি। বর্তমানে ‘ব্যাড ব্লাড’, ‘ইউ নিড টু কাম ডাউন’, ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’, ‘অ্যান্টি-হিরো’ ও ‘ফোর্টনাইট’-এর জন্য পাঁচবার এই পুরস্কার জিতেছেন তিনি।
এক রাতের অনুষ্ঠানে সর্বোচ্চ ভিএমএ জয়ের রেকর্ডেও চোখ রয়েছে সুইফটের। ১৯৮৭ সালে পিটার গ্যাব্রিয়েল নন-কম্পিটিটিভ ‘ভ্যানগার্ড’ পুরস্কারসহ এক রাতে ১০টি ট্রফি জিতেছিলেন। সুইফট এবার সব মনোনয়নে জয় পেলে এক রাতে ১২টি পুরস্কার জয়ের নতুন রেকর্ড গড়তে পারেন।
এদিকে ‘বেস্ট পপ’ বিভাগেও ইতিহাস গড়ার সুযোগ রয়েছে তার। এই বিভাগে বর্তমানে অ্যারিয়ানা গ্র্যান্ডের সঙ্গে যৌথভাবে তিনটি করে পুরস্কার নিয়ে শীর্ষে আছেন সুইফট। এবার ‘দ্য ফেট অব ওফেলিয়া’র জন্য জয় পেলে এ বিভাগে এককভাবে সর্বাধিক পুরস্কারজয়ী হবেন তিনি। তবে একই বিভাগে অ্যারিয়ানা গ্র্যান্ডও মনোনীত হওয়ায় প্রতিযোগিতাটি হতে যাচ্ছে বেশ আকর্ষণীয়।



