১৮ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্ব

স্ত্রীর ‘পরকীয়া কাজে লাগিয়ে’ ১ লাখ কোটি টাকার সাম্রাজ্য গড়লেন স্বামী

449549cf563e0d4b87e8610a37bf7396-6afd7bdae2d9c

এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই অ্যালিসের স্বামী কাং ওয়েইয়ের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের তথ্য সামনে এসেছে। চীনে সরকারি সহায়তায় একাধিক বড় ডেটা সেন্টার প্রকল্প গড়ে তুলেছেন এই ব্যবসায়ী। এসব প্রকল্পে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ প্রায় ৯০০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১ লাখ ১২ হাজার কোটি টাকার বেশি।

২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কাং ওয়েইয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ডেটা সেন্টার প্রকল্পে এই বিপুল অঙ্কের বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। প্রকল্পগুলোতে চীনা সরকারের আর্থিক ও অবকাঠামোগত সহায়তা ছিল। অন্যদিকে, তার স্ত্রী অ্যালিস হুয়াং এনভিডিয়ার উন্নত কম্পিউটিং চিপ সংগ্রহের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করেন বলে প্রতিবেদনে উঠে এসেছে।

সংগৃহীত

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এ জন্য চীনের সরকারি নথি ও বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করা হয়।

চীনে ডেটা সেন্টার ব্যবসার বিস্তার

প্রতিবেদন অনুযায়ী, কাং ওয়েইয়ের ডেটা সেন্টার ব্যবসার অন্যতম ভিত্তি সাংহাইভিত্তিক প্রতিষ্ঠান সেঞ্চুরি লংটেং। ২০২১ সালের শেষ দিকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসাটির সম্প্রসারণ শুরু হয়। প্রতিষ্ঠানটিতে সাংহাইয়ের একটি স্থানীয় সরকারি সংস্থার মালিকানা ছিল ১০ শতাংশ। কাংয়ের ব্যবসায়িক উদ্যোগ হেক্সি ক্যাপিটাল-সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের হাতে ছিল ২৭ শতাংশ শেয়ার। বাকি ৬৩ শতাংশের মালিক ছিল সেঞ্চুরি হুয়াটং।

২০২২ সালের শুরুর দিকে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে চুক্তি করে সেঞ্চুরি লংটেং। চুক্তির আওতায় ক্লাউড ডেটা সেন্টার, জ্বালানি অবকাঠামো এবং কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। এর ধারাবাহিকতায় চীনের বিভিন্ন অঞ্চলে বড় আকারের ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ শুরু হয়।

Advertisements

এসব প্রকল্পের মধ্যে উহু শহরের ৪৫০ কোটি ডলারের ডেটা সেন্টার প্রকল্পটি ছিল অন্যতম বড়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৬ হাজার ১৩৮ কোটি টাকা। প্রায় ৪১ লাখ বর্গফুট জায়গাজুড়ে আটটি ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়। পাশাপাশি সেখানে ২৪ হাজার সার্ভার র্যাক স্থাপনের লক্ষ্য ছিল। প্রকল্পটির জন্য চীনা সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হয়। চলতি বছরের এপ্রিল পর্যন্ত অন্তত একটি ভবনের নির্মাণকাজ শেষ হয়েছিল।

এ ছাড়া ২০২৪ সালে সিচুয়ান প্রদেশের লিয়াংশানে প্রায় ৫০০ কোটি ডলারের আরেকটি প্রকল্প হাতে নেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৬২ হাজার ৩৭৫ কোটি টাকা। শেনজেনেও সেঞ্চুরি লংটেং-সংশ্লিষ্ট আরেকটি ডেটা সেন্টার প্রকল্পের তথ্য পাওয়া গেছে।

এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে অ্যালিসের ভূমিকা

কাং ওয়েই যখন চীনে ডেটা সেন্টার ব্যবসা সম্প্রসারণে ব্যস্ত, তখন তার স্ত্রী অ্যালিস হুয়াং এনভিডিয়ার উন্নত কম্পিউটিং চিপ সংগ্রহের কাজে সক্রিয় ছিলেন। তিনি মেগাস্পিড নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৩ সালে এনভিডিয়ার উন্নত চিপের সরবরাহ নিশ্চিত করতে কাজ শুরু করেন অ্যালিস। ওই বছরের নভেম্বরের মধ্যে মেগাস্পিড এনভিডিয়াকে জানায়, চীনের বৃহৎ অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান আলিবাবা তাদের প্রধান গ্রাহক হতে যাচ্ছে। এরপর এনভিডিয়ার ক্লাউড পার্টনার হিসেবে স্বীকৃতি পায় মেগাস্পিড। এর ফলে প্রতিষ্ঠানটি চিপ সংগ্রহের ক্ষেত্রে অগ্রাধিকার সুবিধা পায়।

একই মাসে মালিকানা পুনর্গঠনের কারণে মেগাস্পিডে অ্যালিসের নিবন্ধিত পরিচালকের দায়িত্ব শেষ হয়। তবে জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অব্যাহত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালের শেষ দিকে সিঙ্গাপুরের একটি রেস্তোরাঁয় এবং পরের বছর তাইপেতে অনুষ্ঠিত কম্পিউটেক্স প্রযুক্তি সম্মেলনে তাদের একসঙ্গে দেখা যায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেগাস্পিডের সংগ্রহ করা এনভিডিয়ার কিছু চিপ পরবর্তী সময়ে চীনে পাঠানো হয়েছিল। তবে এসব চিপ কাং ওয়েইয়ের ডেটা সেন্টারগুলোতে পৌঁছেছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে, চীনা সরকার মেগাস্পিডকে চিপ সংগ্রহের নির্দেশ দিয়েছিল—এমন তথ্যও মেলেনি।

২০২৪ সালের শেষ দিক থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত কাং ও অ্যালিস যৌথভাবে সাংহাই এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি ডেটা সেন্টার প্রকল্পের জন্য বিনিয়োগকারীদের কাছে প্রস্তাব দেন। এসব প্রস্তাবে তিন বছরের মধ্যে বিনিয়োগের অর্থ তিন গুণ হওয়ার সম্ভাবনার কথাও তুলে ধরা হয়েছিল। পাশাপাশি চীনে এনভিডিয়ার চিপ সংগ্রহের সুযোগ রয়েছে বলেও বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন তারা।

তদন্তের মুখে মেগাস্পিড, আটক কাং ওয়েই

২০২৫ সালের ফেব্রুয়ারিতে সার্ভার কেনার ক্ষেত্রে মিথ্যা ঘোষণা দেওয়ার সন্দেহে সিঙ্গাপুরে মেগাস্পিড এবং প্রতিষ্ঠানটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তকারীরা অপরাধের পর্যাপ্ত প্রমাণ না পেলেও অ্যালিস হুয়াংকে সতর্ক করা হয়। একই সঙ্গে সিঙ্গাপুরে তার পুনরায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেগাস্পিড ও আরও ছয় ব্যক্তির বিরুদ্ধে তদন্ত এখনো চলছে।

অন্যদিকে, শেয়ারবাজারে কারসাজির সন্দেহে চলতি বছরের শুরুর দিকে সাংহাইয়ে আটক হন কাং ওয়েই। পরে অবশ্য তিনি মুক্তি পান।

কাং ও অ্যালিসের ব্যবসায়িক কর্মকাণ্ড ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতার সময়ে ডেটা সেন্টার নির্মাণ, উন্নত কম্পিউটিং চিপ সংগ্রহ এবং বিনিয়োগের এই তৎপরতা কীভাবে পরস্পরের সঙ্গে যুক্ত ছিল, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

Advertisements