ঘরেই বানিয়ে নিন ক্রিমি পিনাট বাটার, জেনে নিন সহজ রেসিপি

পিনাট বাটার অনেকেরই পছন্দের খাবার। পাউরুটি, বিস্কুট কিংবা বিভিন্ন নাশতার সঙ্গে এটি খাওয়া যায়। চাইলে বাজার থেকে না কিনে খুব সহজেই ঘরে তৈরি করা যায় ক্রিমি পিনাট বাটার। এজন্য প্রয়োজন হবে মাত্র কয়েকটি উপকরণ।
উপকরণ
চিনাবাদাম ২ কাপ, লবণ সোয়া চা-চামচ বা স্বাদমতো, মধু বা চিনি ১–২ চা-চামচ এবং প্রয়োজন হলে ১–২ চা-চামচ চিনাবাদামের তেল বা সয়াবিন তেল।
প্রস্তুত প্রণালি
প্রথমে শুকনা কড়াইয়ে মাঝারি আঁচে ৫–৮ মিনিট চিনাবাদাম ভেজে নিন। চিনাবাদাম হালকা বাদামি হয়ে সুগন্ধ বের হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। এরপর হাত দিয়ে ঘষে এর খোসা ছাড়িয়ে নিন।
খোসা ছাড়ানো চিনাবাদাম ফুড প্রসেসর বা শক্তিশালী ব্লেন্ডারে দিয়ে ২–৩ মিনিট ব্লেন্ড করুন। শুরুতে চিনাবাদাম গুঁড়ো হবে। পরে তা দলা বাঁধতে শুরু করবে এবং ধীরে ধীরে চিনাবাদাম থেকে প্রাকৃতিক তেল বের হয়ে পেস্টের মতো হয়ে আসবে।
এরপর আরও ২–৫ মিনিট ব্লেন্ড করুন। প্রয়োজনে মাঝেমধ্যে মেশিন বন্ধ করে জারের পাশে লেগে থাকা চিনাবাদাম নিচে নামিয়ে দিন। মিশ্রণ মসৃণ হয়ে এলে এতে লবণ ও মধু বা চিনি দিয়ে আবার কিছুক্ষণ ব্লেন্ড করুন।
পিনাট বাটার বেশি ঘন মনে হলে অল্প অল্প করে তেল যোগ করা যেতে পারে। তবে তেল দেওয়ার আগে কিছুক্ষণ ভালোভাবে ব্লেন্ড করা জরুরি। কারণ ভালোভাবে ভাজা চিনাবাদাম থেকেই পর্যাপ্ত প্রাকৃতিক তেল বের হয়ে ক্রিমি পিনাট বাটার তৈরি হতে পারে।
তৈরি হয়ে গেলে পিনাট বাটার পরিষ্কার ও শুকনা কাচের বয়ামে সংরক্ষণ করুন।



