বিরোধের জেরে দেড় বিঘা জমির ধান নষ্টের অভিযোগ

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে বিষাক্ত স্প্রে করে দেড় বিঘা জমির ধান নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক আনিছুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় সাঘাটা থানায় লিখিত অভিযোগ দেন তিনি।
স্থানীয়রা জানান, বুধবার সকালে আনিছুর রহমানের জমির ধান হঠাৎ হলুদ বর্ণ ধারণ করতে দেখা যায়। পরে জমিতে গিয়ে তারা দেখতে পান, ধানের গাছগুলো শুকিয়ে গেছে। খবর পেয়ে কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিদর্শন করেন।
সাঘাটা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা. নার্গিস আক্তার লাকি জানান, আগের দিনও জমির ধান ভালো অবস্থায় ছিল। ঘটনার খবর পেয়ে বুধবার তিনি জমি দুটি পরিদর্শন করেছেন। ক্ষতির পরিমাণ নির্ধারণ করে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।
কৃষক আনিছুর রহমান অভিযোগ করে বলেন, জমি নিয়ে একই গ্রামের আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছে। ধান রোপণের পরদিনও জমির ধান উপড়ে ফেলা হয়েছিল। এছাড়া তাকে হত্যার হুমকি এবং জমির ধান নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এ বিষয়ে গত ১২ সেপ্টেম্বর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগও দিয়েছিলেন তিনি।
আনিছুর রহমান বলেন, ‘আমার জমির ধান নষ্ট করে দেওয়া হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
তবে অভিযোগের বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান বলেন, থানায় এখনো এ ঘটনার লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



