১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২৫ কার্তিক ১৪৩৩
বিবিধ

১০০ বছর পর পৌঁছাল মাকে লেখা চিঠি!

১০০ বছর পর পৌঁছাল মাকে লেখা চিঠি!

এক মার্কিন সেনা প্রিয় মাকে উদ্দেশ্য করে ডাকবাক্সে চিঠি ফেলেছিলেন। সেই চিঠি পৌঁছানোর কথা ছিল কয়েক দিনের মধ্যেই। কিন্তু ডাকের পথ যেন হারিয়ে ফেলেছিল ঠিকানা! এক-দু’ বছর নয়, কেটে গিয়েছে পুরো এক শতাব্দী। অবশেষে ১০০ বছর পর সেই চিঠি পৌঁছাল পরিবারের হাতে। আর তা খুলে পড়তেই আবেগে ভেসে গেলেন পরবর্তী প্রজন্মের সদস্যরা।

চিঠির লেখক কার্ল হোয়ে। মাকে লেখা তার সেই পুরনো চিঠিটি সম্প্রতি নজরে আসে অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম ই-বে-তে। শত বছরের পুরনো খাম ও চিঠি দেখে কৌতূহলী হয়ে ওঠেন একদল গবেষক। ১৫০ ডলার দিয়ে তারা সেটি কিনে নেন। জীর্ণ খাম থেকে সাবধানে চিঠিটি বের করে পড়তেই বোঝা যায়, এটি কোনও সাধারণ চিঠি নয়। মায়ের প্রতি এক সন্তানের ভালোবাসায় ভরা ব্যক্তিগত বার্তা।

সংগৃহীত

এর পরেই চিঠির প্রকৃত ঠিকানা খুঁজে বের করার উদ্যোগ নেন গবেষক দলের প্রধান রই ম্যানডেল। চিঠিতে লেখা নাম ও পুরনো ঠিকানার সূত্র ধরে শুরু হয় পরিবারের সন্ধান। দীর্ঘ চেষ্টা শেষে জানা যায়, কার্ল হোয়ে যুদ্ধ থেকে ফিরে বিয়ে করেছিলেন। তাদের সংসারে জন্ম নেয় এক কন্যাসন্তান। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান হোয়ে। তখন তার মেয়ের বয়স মাত্র ছয় বছর।

এদিকে, চিঠিটি যার উদ্দেশে লেখা হয়েছিল, সেই মা বহু আগেই প্রয়াত হয়েছেন। হোয়ের মেয়েও তখন অশীতিপর বৃদ্ধা। পরিবারের খোঁজ পেতে গবেষকদের বেশ বেগ পেতে হয়। কারণ, চিঠির খামে লেখা পুরনো ঠিকানা ছেড়ে হোয়ের উত্তরসূরিরা একসময় চলে এসেছিলেন যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেভারটন শহরে।

অবশেষে ২০২৩ সালের এপ্রিলে গবেষক দলের হাতে চিঠিটি পৌঁছে দেওয়ার সুযোগ আসে হোয়ের নাতনি জ্যান বেলিস স্কুইরেসের কাছে। শত বছরের পুরনো সেই চিঠি হাতে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। তার মনে হয়েছিল, যেন অন্য এক পৃথিবী থেকে নানা তাদের জন্য এই আশ্চর্য উপহার পাঠিয়েছেন। পরিবারের অন্য সদস্যরাও কান্নায় ভেঙে পড়েন।

এক শতাব্দী ধরে কোথায় আটকে ছিল চিঠিটি, কেন এত দিন পর সেটি সামনে এলো- তার কোনও নিশ্চিত উত্তর মেলেনি। তবে সময়ের দীর্ঘ ব্যবধান পেরিয়ে চিঠিটি যে শেষ পর্যন্ত পরিবারের কাছে ফিরেছে, সেটাই সবচেয়ে বিস্ময়কর। ডাকের দেরি যে কখনও কখনও একশো বছরও হতে পারে, এই ঘটনা যেন তারই অবিশ্বাস্য উদাহরণ।

Advertisements
Advertisements