কেন এত আলোচনায় পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’?

পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এর ১৩তম পর্ব সম্প্রচারের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জামিল ও জারিয়াবের সম্পর্কের পরিণতি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। প্রেমের সম্পর্ক, ধর্মীয় বিশ্বাস, বিয়ে এবং নারী-পুরুষের জন্য ভিন্ন মানদণ্ড—সব মিলিয়ে নাটকের সাম্প্রতিক পর্বটি দর্শকদের নজর কেড়েছে।
নাটকে জামিল চরিত্রে অভিনয় করেছেন নামির খান এবং জারিয়াবের ভূমিকায় রয়েছেন দুরেফিশান সেলিম। গল্পে দেখা যায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পরও হঠাৎ জারিয়াবকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন জামিল। শৈশবের প্রেমিকা জারিয়াবের সঙ্গে কিছুদিন একসঙ্গে থাকার পরও ধর্মীয় জীবনে নতুনভাবে ফিরে আসার পর তার এই সিদ্ধান্ত আরও স্পষ্ট হয়ে ওঠে।
এরপর জামিল একটি মাদ্রাসার অচেনা নারীকে বিয়ে করেন। তবে বিয়ের আগে বা এমন সিদ্ধান্ত নেওয়ার সময় জারিয়াবকে কিছুই জানাননি তিনি। বিষয়টি জানতে জারিয়াব জামিলের বাড়িতে গেলে দুজনের কথোপকথন নাটকের অন্যতম আলোচিত দৃশ্যে পরিণত হয়।
জারিয়াবের সামনে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে জামিল তাদের অতীত সম্পর্ককে তার ‘অজ্ঞতার সময়’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, সামনে এগিয়ে যেতে এমন একজন জীবনসঙ্গী প্রয়োজন ছিল, যিনি তার ধর্মীয় জীবনে সহযোগিতা করবেন এবং ধার্মিক ও পবিত্র জীবনযাপন করবেন।
জামিল আরও দাবি করেন, তার তওবা কবুল হওয়ার ফল হিসেবেই নতুন স্ত্রী তার জীবনে এসেছেন। পাশাপাশি জারিয়াবকেও নিজের মতো কাউকে বিয়ে করার পরামর্শ দেন তিনি। আর এখানেই দর্শকদের মধ্যে নতুন প্রশ্ন তৈরি হয়েছে—ধর্মীয় বিশ্বাসের পরিবর্তনের পর একজন পুরুষ তার অতীতকে এভাবে অস্বীকার করতে পারেন কি না এবং একই সুযোগ কি নারীর ক্ষেত্রেও প্রযোজ্য?
জামিলের এমন অবস্থানের বিপরীতে জারিয়াবের অতীত ত্যাগও দর্শকদের আলোচনায় এসেছে। আগের পর্বগুলোতে দেখা যায়, জামিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারায় তাকে মানসিকভাবে স্বস্তি দিতে এবং পাশে থাকতে জারিয়াব নিজের হার্ভার্ডে ভর্তি হওয়ার সুযোগ পর্যন্ত ছেড়ে দেওয়ার কথা ভেবেছিল। ফলে সম্পর্কের জন্য জারিয়াবের ত্যাগের বিপরীতে জামিলের হঠাৎ সরে যাওয়ার বিষয়টি আরও বেশি প্রশ্নের জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও নাটকের এই পর্ব নিয়ে দর্শকদের মধ্যে চলছে নানা আলোচনা। কেউ গল্পের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ ও ব্যক্তিগত সম্পর্কের সংঘাতকে গুরুত্বপূর্ণভাবে তুলে ধরার বিষয়টি দেখছেন, আবার কেউ জামিলের সিদ্ধান্ত ও তার ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলছেন।
সাকিব খানের পরিচালনায় ‘দার-ই-নিজাত’ নাটকে নামির খান ও দুরেফিশান সেলিম ছাড়াও অভিনয় করছেন শেহেরিয়ার মুনাওয়ার, রোমাইসা খান, সাহার হাশমি, সানিয়া সাঈদ, সাবা হামিদ ও নাদিয়া আফগানসহ অনেকে।



