২৩ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৮ আশ্বিন ১৪৩৩
বিবিধ

নারী রেফারিকে ‘ভুলে যেয়ো না, এটা পুরুষদের খেলা’ বলে কটূক্তি, বরখাস্ত হলেন হিগুয়েইন

নারী রেফারিকে ‘ভুলে যেয়ো না, এটা পুরুষদের খেলা’ বলে কটূক্তি, বরখাস্ত হলেন হিগুয়েইন

নারী রেফারিকে অবমাননাকর মন্তব্য এবং ম্যাচ চলাকালে তার সঙ্গে অসদাচরণের অভিযোগে আর্জেন্টিনার সাবেক ফুটবলার গঞ্জালো হিগুয়েইনের ভাই ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত করেছে কলম্বাস ক্রু। মঙ্গলবার ক্লাবটি রিজার্ভ দলের কোচের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটে মেজর লিগ সকারের (এমএলএস) ডেভেলপমেন্ট লিগ এমএলএস নেক্সট প্রোর একটি ম্যাচে। ওই ম্যাচে লাল কার্ড দেখার পর দুই ম্যাচের নিষেধাজ্ঞাও পেয়েছিলেন হিগুয়েইন। তবে পরবর্তী সময়ে বিষয়টি আরও পর্যালোচনা করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় কলম্বাস ক্রু।

ক্লাবটির জেনারেল ম্যানেজার ইসা টল বলেন, ‘আমাদের ক্লাব, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের স্বার্থে ফেদেরিকো হিগুয়েইনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াই সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত বলে আমরা মনে করেছি।’

তিনি আরও বলেন, ‘গত এক মাসের ঘটনা এবং চলতি সপ্তাহে তার সঙ্গে হওয়া আলোচনার পর আমরা মনে করেছি, আমাদের একটি দলের নেতার কাছ থেকে যে মানদণ্ড প্রত্যাশা করা হয়, তা পূরণ হয়নি।’

রেফারিদের সংগঠনের অভিযোগ, ম্যাচে এক নারী কর্মকর্তার সঙ্গে হাত মেলানোর সময় হিগুয়েইন তার হাত চেপে ধরেন এবং ছেড়ে দিতে বলা হলেও তিনবারের পরও হাত ছাড়েননি। এরপর তিনি ওই নারী রেফারিকে বলেন, ‘ভুলে যেয়ো না, এটা পুরুষের খেলা।’

প্রফেশনাল সকার রেফারিজ অ্যাসোসিয়েশন এই আচরণকে শারীরিকভাবে ভয় দেখানো এবং যৌনবাদী মন্তব্য হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটি হিগুয়েইনের ওপর দেওয়া প্রাথমিক দুই ম্যাচের নিষেধাজ্ঞারও সমালোচনা করে অন্তত ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দাবি করেছিল।

Advertisements

এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘এই খেলাটির প্রতিটি স্তরেই নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। নিজেদের যোগ্যতা প্রমাণ করতে গিয়ে তাদের ভয় দেখানো বা অবমাননাকর মন্তব্য সহ্য করতে হবে না’।
অন্যদিকে দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদনে বেনামি ক্লাব সূত্রের বরাতে বলা হয়েছে, পরবর্তী আলোচনায় হিগুয়েইন নিজের আচরণ নিয়ে প্রতিফলন বা দায় স্বীকার করতে রাজি হননি এবং প্রকাশ্যে কোনো ক্ষমাও চাননি।

কলম্বাস ক্রুর হয়ে দায়িত্ব পালনের পাশাপাশি ফেদেরিকো হিগুয়েইন নিজেও একসময় পেশাদার ফুটবলার ছিলেন। তার ভাই গঞ্জালো হিগুয়েইন আর্জেন্টিনা ও রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ সময় খেলেছেন।

Advertisements