২১ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ৬ আশ্বিন ১৪৩৩
বিবিধ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

IMG_5043

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

সোমবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে সাজ্জাদ হোসাইনের বিরুদ্ধে কেন স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রজ্ঞাপন জারির পর ফেসবুকে একটি পোস্ট দেন সাজ্জাদ হোসাইন। সেখানে তিনি লেখেন, “ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।” এই পোস্টের পরই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

শোকজের বিষয়ে সাজ্জাদ হোসাইন বলেন, “সংগঠনের প্রতি আমার শতভাগ আনুগত্য রয়েছে। পোস্ট ঘিরে শোকজ করা হলে আমি নিয়ম অনুযায়ী সাংগঠনিক ফোরামে যথাযথ জবাব দেব।” তিনি আরও দাবি করেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে সরকার বাধ্য হয়ে মূল্য সমন্বয় করেছে—মূলত বিষয়টি তুলে ধরতেই তিনি পোস্টটি দিয়েছিলেন।

গত সাত মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম দফায় দফায় বেড়েছে। সর্বশেষ গতকাল রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নতুন মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রল ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

Advertisements
Advertisements