১৫ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৩০ কার্তিক ১৪৩৩
বিবিধ

বিয়ে হয় ঠিকই, শুধু আগের মতো শোনা যায় না বিয়ের গীত!

বিয়ে হয় ঠিকই, শুধু আগের মতো শোনা যায় না বিয়ের গীত!

গ্রামাঞ্চলে এখনো একটু-আধটু মেয়েলি গীত চলে বিয়ের আসরে। তবে শহরে যেন বিলুপ্তির পথে। সাধারণত সামাজিক এবং পারিবারিক অনুষ্ঠানে মেয়েলি গীত দলবেঁধে নারীরা গান। আধুনিকতার ছোঁয়ায় সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। ১৫-২০ বছর আগেও দেখেছি, কোনো বাড়িতে বিয়ে হলে নারীরা দলবেঁধে সারারাত গীত গাইতেন। শুনতেও ভালো লাগতো। মাঝে-মধ্যে সেখানে যেতাম। দেখতাম তাদের আনন্দ।

এখনো যে মেয়েলি গীত নেই, তা নয়। তবে চোখে পড়ার মতো নয়। আধুনিক যুগের মেয়েরা সেসব গীত আর পছন্দ করেন না। তারা পছন্দ করেন নাচতে। বিদেশি সংগীতের তালে তালে নাচতে ভালোবাসেন। বিয়ের আসরে বরযাত্রী বা ডুলিবিবিরা এলে কনেপক্ষের মেয়েরা দলবেঁধে গাইতেন, ‘ডুলিবিবি আইসাছে পান খাইবার লালচে।’ যখন কনে বা বরকে কিছু খাওয়ানো হতো; তখন বলতেন, ‘বসবো না, বসবো না, ছিঁড়া ছোপে আমরা বসবো নারে,/ আরশের বাবা কি জানে নারে।’ শ্যালিকারা গাইতেন, ‘দুলাভাই গিয়েছে শহরে, আনবে নাকের নথরে, সেই নথ নাকে দিয়ে নাক ঘুরিয়ে নাচবো রে।’ এসব গীত গাইতে গাইতে নাচতেন নারীরা।

কয়েক বছর পর হয়তো মেয়েলি গীত হারিয়ে যেতে পারে। এখন অতীতকে আর কেউ আঁকড়ে ধরে রাখতে চান না। গীতের পরিবর্তে আধুনিক বাদ্যযন্ত্র বাজানো হয় বিভিন্ন অনুষ্ঠানে। অথচ মেয়েলি গীতের সুর এত করুণ ও আবেগধর্মী, যে কেউ শুনলে সেই গীতের কথা ভুলতে পারেন না।

মোটামুটি জেলা শহরে বিয়ে হলেই এখন ব্যান্ডদল ভাড়া করে আনা হয়। কিন্তু গ্রামের সহজ-সরল নারীদের ভাড়া করা হয় না। তাদের চাওয়া-পাওয়া খুব বেশি নয়। কিছু টাকা দিলেই তারা খুশি। বিয়ের ৪-৫ দিন আগেই চলতো বিয়ের গীত। সারারাত গীত শুনে আনন্দ পাওয়া যেত। এমনকি ঢেঁকিতে ধানভানার সময় বিভিন্ন ধরনের গীত হতো। ধানভানার পর বর বা কনের জন্য তৈরি করতেন ঐতিহ্যবাহী খাবার, যাকে বলা হতো ‘থুবড়া’। থুবড়ার তালিকায় থাকতো রসগোল্লা, অন্ধাসা, ক্ষীর, ফিরনি এবং ভাপা পিঠা।

আদর করে কনে-বরকে খাওয়ানোর সময় গীত হতো। পাশের গ্রাম থেকেও শোনা যেত সেই গীত। এত মধুর ছিল, যা ভোলা যায় না। বরের আগমন, কনেকে গোসল করানো, কনেকে বিদায়ের সময় যেসব গীত গাওয়া হতো, তা এখনো মানুষের মন-প্রাণ আকুল করে। কিন্তু বিভিন্ন কারণে তা হারিয়ে যাচ্ছে। আমাদের টান কমে গেছে ঐতিহ্যের প্রতি। ধীরে ধীরে সেই ঐতিহ্য ধ্বংস হচ্ছে। সেদিকে কারো খেয়াল নেই।

নারীর হৃদয়ের আবেগ-উৎকণ্ঠা, দুঃখ-কষ্ট, হাসি-কান্না, আনন্দ-বিরহের প্রকাশ ঘটে এই বিয়ের গীতে। সাধারণত কয়েকজন বিভিন্ন বয়েসের নারী গোল হয়ে বসে খালি গলায় বিয়ের গীত পরিবেশন করতেন। গ্রামের বিয়েতে বিশেষ করে গায়ে হলুদে গান গাওয়ার জন্য ‘গীত গাওয়ানি’ মধ্যবয়সী নারীদের ডাক পড়ত। তাদের অধিকাংশ ছিলেন নিরক্ষর। সুরও তারাই দিতেন। গীতসমূহ তারা বংশক্রমে সহজে আয়ত্ত করতেন।

Advertisements

উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ‘কন্যা ডাক দেও তোর জননী না মাইরে/ মাও দিয়া যাওক সোনা মুখে হলদিরে/ হলুদা, ডাক দেও তোর জনমদাতা বাপেরে/ বাবা দিয়ে যাউক তোর সোনা মুখে হলদিরে।’ বোনেরা গাইতেন, ‘হামার ভাইয়ের হলদি মাখিবার, মনে নাহি ছিলরে/ জোর বেজোর হলদি মাখলে, জোনাকু শালার বহিনরে।’ বর বা কনেকে থুবড়া হিসেবে ক্ষীর খাওয়ার সময় দলবেঁধে নারীরা গাইতেন, ‘আলুয়ার চালে কাঞ্চন দুধে ক্ষীরোয়া পাকালাম, সেই না ক্ষীরোয়া খেতে গরমি লেগেছে। কোথায় আছ বড়ভাবি পাক্কা হিলোয়রে।’

বিয়ে শেষে নিজ বাড়িতে ফিরে আসার সময় বরের প্রতি লক্ষ্য করে গীত গাইতেন, ‘কী গহনা আনিছেন দুলা মিয়া দেখান তো হামাকে/ সবই জিনিসি আনিছি গুলজান বিবি নথুয়া ছারিছি দেশে।’ বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার সময় কনেকে হাজার স্মৃতি, বেদনা ভুলে যেতে হয়। যেতে হয় নতুন বাড়িতে। গুছিয়ে নিতে হয় সংসার। তখন গীতের মাধ্যমে বলতেন, ‘মন বিন্দাইলাম বনে বনে, আরও কান্দন কান্দে গো মায়-ও বনে বনে/ আরও কান্দন কান্দে গো মায়-ও নিরলে বসিয়া।’ এ ধরনের অসংখ্য বিয়ের গীত মা-বোনেরা মুখস্থ করে রাখতেন।

বর্তমানে নারীরা এ ধরনের বিয়ের গীত আর চর্চা করেন না। অনেকে বিয়ের গীতও ভুলে গেছেন। ফলে ‘গীত গাওয়ানি’দের কদর কমে গেছে। তাই আমাদের লোকজ ঐতিহ্য রক্ষা করা উচিত। কেননা আমরা বাঙালি। আমরা যতই পশ্চিমা বিশ্বের ঐতিহ্যকে লালন করি না কেন, আমাদের ঐতিহ্যকে সহজেই হারাতে পারি না।

আজমাল হোসেন মামুন
লেখক: সহকারী শিক্ষক, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।

Advertisements