ঝটপট তৈরি করুন মরোক্কান কেফতা মিটবল

উত্তর আফ্রিকার জনপ্রিয় খাবারগুলোর মধ্যে মরোক্কান কেফতা মিটবল বেশ পরিচিত। প্রচলিত মিটবলের তুলনায় এর স্বাদ ও প্রস্তুতপ্রণালিতে রয়েছে আলাদা বৈশিষ্ট্য। কিমার সঙ্গে পেঁয়াজ, রসুন, ধনেপাতা, মসলা ও দুধে ভেজানো পাউরুটি মিশিয়ে তৈরি করা হয় এই নরম ও রসালো মিটবল।
বাড়িতে অতিথি আপ্যায়ন, পারিবারিক আয়োজন কিংবা বিকেলের নাশতায় একটু ভিন্ন স্বাদের খাবার রাখতে চাইলে সহজেই তৈরি করতে পারেন মরোক্কান কেফতা।
প্রয়োজনীয় উপকরণ
মিটবলের জন্য
- গরু বা খাসির কিমা ৫৫০ গ্রাম
- দুধে ভেজানো সাদা পাউরুটি
- ১টি ছোট লাল পেঁয়াজ, মিহি করে কুচি বা গ্রেট করা
- ২ কোয়া রসুন, মিহি কুচি
- ১ মুঠো ধনেপাতা কুচি
- ৩ চা-চামচ মসলা
- আধা চা-চামচ আদাগুঁড়া
- স্বাদ অনুযায়ী লবণ
- পরিমাণমতো গোলমরিচগুঁড়া
- ভাজার জন্য সামান্য অলিভ অয়েল
ক্যারট সালাদের জন্য
- ৪টি গাজর, পাতলা করে কাটা
- ৩ টেবিল চামচ কমলার রস
- ১ মুঠো পুদিনাপাতা কুচি
- পরিমাণমতো অলিভ অয়েল
- স্বাদ অনুযায়ী লবণ ও গোলমরিচ
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি বড় পাত্রে দুধে ভেজানো পাউরুটি, কিমা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, আদাগুঁড়া, লবণ ও গোলমরিচ নিন। সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন, যাতে মসলাগুলো কিমার সঙ্গে সমানভাবে মিশে যায়।
এবার মিশ্রণটি থেকে প্রায় এক টেবিল চামচ করে নিয়ে ছোট ছোট বলের আকার দিন। তৈরি করা মিটবলগুলো একটি ট্রেতে রাখুন এবং অন্তত ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। এতে রান্নার সময় মিটবল সহজে ভেঙে যাওয়ার আশঙ্কা কমে যাবে।
এরপর তৈরি করে নিন ক্যারট সালাদ। একটি বাটিতে পাতলা করে কাটা গাজর, কমলার রস, পুদিনাপাতা, সামান্য অলিভ অয়েল, লবণ ও গোলমরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। কিছুক্ষণ ফ্রিজে রাখুন।
মিটবল রান্নার জন্য মাঝারি আঁচে একটি ফ্রাইপ্যান বা কাস্ট আয়রন প্যান গরম করুন। মিটবলের ওপর সামান্য অলিভ অয়েল মাখিয়ে গরম প্যানে দিন। এরপর ধীরে ধীরে ঘুরিয়ে চারদিক সমানভাবে ভাজুন। বাইরের অংশ হালকা বাদামি হয়ে এলে এবং ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হলে চুলা থেকে নামিয়ে নিন।
পরিবেশন
একটি বড় প্ল্যাটারে গরম মিটবলগুলো সাজিয়ে পাশে ঠান্ডা ক্যারট সালাদ রাখুন। সঙ্গে পছন্দের সস পরিবেশন করলে খাবারটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে। গরম মিটবল আর ঠান্ডা, কমলার ঘ্রাণযুক্ত ক্যারট সালাদের এই বৈপরীত্য খাবারে এনে দেবে ভিন্ন স্বাদ।



