নিজের দুর্বলতার কথা অকপটে স্বীকার করলেন রাশমিকা

বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ নিয়ে একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন রাশমিকা মান্দানা। এবার সেই বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী।
কন্নড়, তেলেগু, তামিল ও হিন্দি—একাধিক ভাষার চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন রাশমিকা। দক্ষিণী সিনেমায় জনপ্রিয়তা পাওয়ার পর বলিউডেও নিজের জায়গা তৈরি করেছেন তিনি। তবে ভিন্ন ভিন্ন ভাষায় কাজ করার কারণে তার উচ্চারণ নিয়ে মাঝেমধ্যে প্রশ্ন তুলেছেন দর্শকদের একাংশ।

রাশমিকার মাতৃভাষা কোদাভা টাক। ভারতের কর্ণাটকের কুর্গ অঞ্চলে এই ভাষার প্রচলন থাকলেও এতে বড় কোনো চলচ্চিত্রশিল্প গড়ে ওঠেনি। ফলে অভিনয়জীবনের শুরু থেকেই তাকে অন্য ভাষায় কাজ করতে হয়েছে।
২০১৬ সালে কন্নড় সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় রাশমিকার। এরপর তেলেগু সিনেমায় ‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নিক্কেভারু’ ও ‘পুষ্পা: দ্য রাইজ’-এর মতো ছবিতে অভিনয় করে পরিচিতি পান তিনি। পরে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। ‘অ্যানিমেল’ সিনেমার পর হিন্দি দর্শকদের মধ্যেও তার পরিচিতি আরও বাড়ে।
বিভিন্ন ভাষায় কাজের অভিজ্ঞতা নিয়ে রাশমিকা জানিয়েছেন, কোনো একটি ভাষার ওপর নির্ভর করে তার ক্যারিয়ার গড়ে ওঠেনি। কাজের সুযোগ ও দর্শকদের ভালোবাসাই তাকে এক ভাষা থেকে অন্য ভাষায় নিয়ে গেছে। প্রতিটি ভাষাকেই তিনি নিজের মতো করে গ্রহণ করেছেন এবং সেই ভাষার দর্শকদের সঙ্গে যোগাযোগ তৈরির চেষ্টা করেছেন।
উচ্চারণ নিয়ে সমালোচনার প্রসঙ্গে নিজের সীমাবদ্ধতার কথাও স্বীকার করেছেন অভিনেত্রী। তার বক্তব্যের মূল কথা হলো—তিনি একাধিক ভাষায় কথা বলেন ও অভিনয় করেন, কিন্তু কোনো একটি ভাষাতেই নিজেকে বিশেষজ্ঞ মনে করেন না। ভিন্ন ভাষায় কাজ করার ক্ষেত্রে প্রতিটি শব্দ বা উচ্চারণ শতভাগ নিখুঁত রাখা সবসময় সম্ভব হয় না বলেও মনে করেন তিনি।

তার কাছে ভাষা শেখার বিষয়টি শুধু নিখুঁত উচ্চারণের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং যে ভাষায় অভিনয় করছেন, সেই ভাষার মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে যোগাযোগ তৈরি করাও গুরুত্বপূর্ণ। নতুন ভাষা শেখার ক্ষেত্রে ভুল হতে পারে, তবে সেই ভুল থেকে শেখার চেষ্টাটাকেই গুরুত্ব দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল নিয়েও খুব বেশি ভাবতে চান না রাশমিকা। তার মতে, একটি সিনেমা কখনোই একজন অভিনেতার একক কাজ নয়। পরিচালক, চিত্রগ্রাহক, সংগীতশিল্পী থেকে শুরু করে অসংখ্য কলাকুশলীর সম্মিলিত প্রচেষ্টায় একটি সিনেমা তৈরি হয়। তাই অনলাইনে পাওয়া প্রতিটি মন্তব্যকে গুরুত্ব দিয়ে নিজের কাজের ওপর প্রভাব ফেলতে চান না তিনি।
এদিকে রাশমিকার হাতে বর্তমানে রয়েছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার নতুন সিনেমা নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। পাশাপাশি ‘মাইসা’ সিনেমায় ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে তাকে। এম এস সুব্বুলক্ষ্মীর জীবনভিত্তিক একটি সিনেমার সঙ্গেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।



