১৯ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ৪ আশ্বিন ১৪৩৩
বিবিধ

নিখোঁজ ছেলেটি মায়ের কাছে ফিরছে লাশ হয়ে

নিখোঁজ ছেলেটি মায়ের কাছে ফিরছে লাশ হয়ে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন পশ্চিম সানন্দা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় তার লাশ খুঁজে পায় এলাকাবাসী।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বাসা থেকে বের হয় অপ্রতিম। এর পর থেকে তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। সে বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। ফোনের লোকেশন ট্র্যাক করে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকায় তার অবস্থান শনাক্ত করা যায়। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, অপ্রতিমের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দক্ষিণ মোড়ের দক্ষিণ দিকের জঙ্গল থেকে তার লাশ পাওয়া গেছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

এ ঘটনায় অপ্রতিমের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে অপ্রতিমের মৃত্যু হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisements
Advertisements