কোরীয় গল্পের বাংলা সংস্করণে কোয়েল মল্লিক?

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দীর্ঘদিন ধরেই বড়পর্দার পরিচিত মুখ। তবে এবার বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায় নতুন ভূমিকায় দেখা যেতে পারে এই অভিনেত্রীকে। একটি নতুন বাংলা ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য তাকে ভাবা হয়েছে বলে টালিপাড়ায় খবর ছড়িয়েছে।

জানা গেছে, সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হতে যাচ্ছে নতুন এই ধারাবাহিক। জনপ্রিয় একটি কোরীয় গল্প অবলম্বনে সিরিয়ালটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। আর সেই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রের জন্যই নাকি কোয়েল মল্লিকের নাম আলোচনায় এসেছে।
তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। চ্যানেল কর্তৃপক্ষ কিংবা প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি। ফলে কোয়েল সত্যিই ধারাবাহিকটিতে অভিনয় করছেন কি না, তা জানতে আরও অপেক্ষা করতে হবে।

ছোটপর্দায় কোয়েল মল্লিকের উপস্থিতি অবশ্য একেবারে নতুন নয়। এর আগে ‘কথা ও কাহিনি’ নামের একটি নন-ফিকশন অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে কোনো বাংলা ধারাবাহিকে মুখ্য চরিত্রে তাকে এখনো দেখা যায়নি। তাই নতুন এই খবর সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে দর্শক ও নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। যদিও এ নিয়ে অভিনেত্রীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, বড়পর্দায়ও ব্যস্ত সময় কাটাচ্ছেন কোয়েল। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘বীরপুরুষ’ সিনেমায় অভিনয় করছেন তিনি। পাশাপাশি ‘স্পর্ধা’ নামের আরও একটি সিনেমার শুটিংও শুরু করেছেন অভিনেত্রী।

একদিকে একাধিক সিনেমার কাজ, অন্যদিকে ছোটপর্দায় নতুন সম্ভাবনা—সব মিলিয়ে কোয়েল মল্লিককে ঘিরে টালিপাড়ায় তৈরি হয়েছে নতুন কৌতূহল। এখন দেখার বিষয়, কোরীয় গল্পের এই বাংলা সংস্করণে সত্যিই কি কোয়েলকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যায়।



