বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক নিয়ে অভিনেত্রীর বিতর্কিত মন্তব্য

বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীদের নিয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী তানিশা মুখার্জি।
সম্প্রতি এক্সে নিজের মতামত প্রকাশ করেন তানিশা। তিনি লেখেন, ‘আমার ভাবনা, বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন; বরং তারা নারীদের বিরোধী। কারণ, কারও স্বামীর সঙ্গে সম্পর্কে জড়ানো মানে তার স্ত্রীকে অসম্মান করা। পুরুষটিরও দোষ আছে। তার চরিত্রে সমস্যা আছে। আর যেসব নারী বিবাহিত পুরুষদের পেছনে ছুটছেন, তারা খারাপ। তাদের আমাদের সন্তানদের আদর্শ হওয়া উচিত নয়।’

তার প্রশ্ন, এমন নারীদের কি নারীবাদী বলা যায়? এ ক্ষেত্রে নারী ও পুরুষ, দুই পক্ষকেই দায়ী করা উচিত বলে মনে করেন তিনি। তবে তানিশার মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
তানিশার পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। একজন ব্যবহারকারী তার বক্তব্যের বিরোধিতা করে লেখেন, ‘অবিবাহিত নারীরা বিশ্বস্ত থাকার শপথ নেননি। কিন্তু বিবাহিত পুরুষেরা নিয়েছেন। তাই বিবাহিত পুরুষেরা, যারা সম্পর্কে জড়ান, তাদের দিয়েই অভিযোগ শুরু করা উচিত। তারা নিজেদের স্ত্রী, সন্তান ও বৈবাহিক সম্পর্ককে অসম্মান করছেন।’
আরেকজন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর প্রসঙ্গ টেনে তানিশার বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, ‘তাহলে আপনার যুক্তি অনুযায়ী, বলিউডের অন্যতম জনপ্রিয় ও দর্শকপ্রিয় প্রয়াত শ্রীদেবীজিকে আপনি কী বলবেন?’
আরেকজন লিখেছেন, ‘ভারতীয় চলচ্চিত্রশিল্প এমন মানুষে ভরা। নারী ও পুরুষ—উভয়ই।’
কেউ কেউ আবার তানিশার বক্তব্যের পক্ষেও কথা বলেছেন। একজন লিখেছেন, ‘একদম ঠিক বলেছেন, দুজনই সমানভাবে দায়ী।’ আরেকজন বলেন, ‘আপনি একদম ঠিক বলেছেন।’
তানিশার মন্তব্য নিয়ে আরও একজন লেখেন, ‘যে-ই হোক, ইচ্ছাকৃতভাবে কারও সংসার ভেঙে দিলে তার সমালোচনা করা উচিত। আমার পরামর্শ, বিবাহিত মানুষদের থেকে দূরে থাকুন।’

উল্লেখ্য, তনুজার মেয়ে তানিশা মুখার্জি ২০০৩ সালে বলিউডে অভিষেক করেন। ২০১৩ সালে ‘বিগ বস ৭’-এ প্রথম রানারআপ হয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। ওই সময় অভিনেতা আরমান কোহলির সঙ্গে তার সম্পর্কও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
তানিশাকে সর্বশেষ ২০২৪ সালের ‘লভ ইউ শঙ্কর’ সিনেমায় দেখা গেছে।



