১৪ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ৩০ ভাদ্র ১৪৩৩
বিবিধ

আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃ’ত্যুর সংখ্যা কম: স্থানীয় সরকারমন্ত্রী

dengu-1763208958

ডেঙ্গুর মৌসুমে প্রতিবছরই বাড়ে উদ্বেগ। তবে এ বছর এখন পর্যন্ত আগের কয়েক বছরের তুলনায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও সামনে যাতে প্রাণহানি আর না বাড়ে, সেজন্য এখন থেকেই সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিশ্বব্যাংকের সহায়তায় কর্মশালাটির আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, আগের বছরগুলোর তুলনায় চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর হার কম। তবে এই অবস্থাকে স্বস্তির কারণ হিসেবে দেখার সুযোগ নেই। বরং সামনে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আগেই প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু একটি মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয় বলেও উল্লেখ করেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান ড. আবদুল মঈন খান। তার মতে, ডেঙ্গু মোকাবিলায় মাঠপর্যায়ের কার্যক্রম থেকে শুরু করে চিকিৎসা ও জনসচেতনতা—সব ক্ষেত্রেই সমন্বয় প্রয়োজন। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীও তৎপর রয়েছেন বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা কেবল সরকারের একার দায়িত্ব নয়; জনগণসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে পরিকল্পিত পদক্ষেপের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, কার্যকর কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর প্রকোপ কমাতে শুধু মশা নিধন কার্যক্রম নয়, একই সঙ্গে পরিচ্ছন্নতা, জমে থাকা পানি অপসারণ, জনসচেতনতা এবং দ্রুত চিকিৎসার সুযোগ নিশ্চিত করাও জরুরি। ফলে এ বছরের তুলনামূলক কম মৃত্যুর সংখ্যা ধরে রাখতে সামনে আরও সমন্বিত উদ্যোগই হয়ে উঠতে পারে বড় চ্যালেঞ্জ।

Advertisements