আশির দশকের স্বাদে আলুর সিঙ্গারা

সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে এখন আশির দশক। AI-এর সাহায্যে সবাই নিজের ছবিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন সেই সময়ের সাজ, পোশাক আর পরিবেশে। ছবিতে যখন আশির দশক ফিরে আসছে, তাহলে সেই সময়ের স্বাদও না হয় এবার চলে আসুক রান্নাঘরে।
আশির দশকের জনপ্রিয় নাশতা আলুর সিঙ্গারা তৈরি করে ফিরিয়ে আনতে পারেন সেই সময়ের স্বাদ। এখন মাংস, কলিজা, নাগা মরিচসহ নানা ধরনের সিঙ্গারা পাওয়া যায়। স্বাদে ও বৈচিত্র্যে এগুলো জনপ্রিয় হলেও, আশির দশক থেকে চলে আসা সাধারণ আলুর সিঙ্গারার জায়গা কোনো সিঙ্গারাই নিতে পারবে না।
অফিসের ফাঁকে টিফিন, স্কুল-কলেজের টিফিন কিংবা বিকেলের নাস্তা—গরম গরম আলুর সিঙ্গারা ছিল তখনকার বেশ পরিচিত একটি খাবার। ছোট ছোট কিউব করে কাটা আলু, পাঁচফোড়নের ঘ্রাণ আর মশলার সহজ স্বাদেই তৈরি হতো সেই সিঙ্গারা।
তাই এবার AI দিয়ে শুধু ছবিটাকেই নয়, নাস্তার টেবিলটাকেও ফিরিয়ে নিন আশির দশকে। তৈরি করে ফেলুন তখনকার জনপ্রিয় আলুর সিঙ্গারা।

উপকরণ
সিঙ্গারার খামিরের জন্য
- ময়দা — ২ কাপ
- কালোজিরা — ½ চা চামচ
- ডালডা বা তেল — ৪ টেবিল চামচ
- লবণ — স্বাদমতো
- ঠাণ্ডা পানি — প্রয়োজনমতো
পুরের জন্য
- আলু — ৩টি, ছোট ছোট কিউব করে কাটা
- পাঁচফোড়ন — ১ চা চামচ
- বাদাম — ২ টেবিল চামচ
- কাঁচামরিচ কুচি — স্বাদমতো
- ধনেপাতা কুচি — স্বাদমতো
- চাট মসলা — ১ চা চামচ
- হলুদ গুঁড়া — সামান্য
- মরিচ গুঁড়া — সামান্য
- লবণ — স্বাদমতো
- তেল — ২ টেবিল চামচ
ভাজার জন্য
- পর্যাপ্ত তেল
প্রস্তুত প্রণালি
খামির তৈরি
ময়দার সঙ্গে কালোজিরা ও লবণ মিশিয়ে নিন। এরপর ডালডা বা তেল দিয়ে ভালোভাবে ময়ান দিন। মুঠো করলে ময়দা যেন দলা পাকিয়ে থাকে। এবার অল্প অল্প করে ঠাণ্ডা পানি দিয়ে শক্ত ডো তৈরি করুন। ঢেকে ২০ মিনিট রেখে দিন।
আলুর পুর
প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে পাঁচফোড়ন দিন। সুগন্ধ বের হলে কিউব করে কাটা আলু, লবণ, সামান্য হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে দিন। অল্প পানি দিয়ে ঢেকে আলু সেদ্ধ করে নিন। খেয়াল রাখবেন, আলু যেন একেবারে গলে না যায়; কিউবগুলো অক্ষত থাকলেই পুরটি ভালো হবে।
আলু সেদ্ধ হয়ে এলে বাদাম, কাঁচামরিচ, ধনেপাতা ও চাট মসলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর পুরটি ঠাণ্ডা করে নিন।

সিঙ্গারা তৈরি
ডো থেকে ছোট ছোট লেচি কেটে গোল করে নিন। প্রতিটি লেচি বেলে ডিম্বাকৃতির লম্বাটে রুটি তৈরি করুন। মাঝখান থেকে কেটে দুটি অংশ করুন।
একটি অংশ নিয়ে কোনের মতো করে পকেট তৈরি করুন। এর মধ্যে আলুর পুর ভরে প্রান্তে সামান্য পানি লাগিয়ে ভালোভাবে চেপে বন্ধ করে দিন।
ভাজার পালা
কড়াইয়ে পর্যাপ্ত তেল নিয়ে হালকা গরম অবস্থায় সিঙ্গারাগুলো দিয়ে দিন। এরপর কম থেকে মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজুন। এতে সিঙ্গারার বাইরের অংশ ভালোভাবে মুচমুচে হবে। সোনালি বাদামি হয়ে এলে তুলে নিন।
গরম গরম আলুর সিঙ্গারা পরিবেশন করুন এক কাপ চায়ের সঙ্গে।
আশির দশকের ছবি বানানোর ট্রেন্ড যখন চলছে, তখন নাস্তাতেও থাকুক সেই সময়ের ছোঁয়া—সাধারণ আলুর সিঙ্গারায় ফিরে আসুক পুরোনো দিনের স্বাদ।



