১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
বিনোদন

১ বিলিয়ন ভিউ ছুঁয়ে নতুন মাইলফলকে ‘জানজিরিন’

IMG_4737

একসময় ইউটিউবে কোনো একক নাটকের ১০০ কোটি বা ১ বিলিয়ন ভিউ পাওয়া ছিল অবিশ্বাস্য বিষয়। তবে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা বিশ্বজুড়ে বাড়ার সঙ্গে সঙ্গে এই মাইলফলক এখন নতুন সাফল্যের মানদণ্ড হয়ে উঠেছে। ‘তেরে বিন’ ও ‘কাভি মে কাভি তুম’-এর পর এবার ১ বিলিয়ন ভিউয়ের ক্লাবে জায়গা করে নিয়েছে পাকিস্তানি ধারাবাহিক ‘জানজিরিন’।

হাম টিভিতে প্রচারিত নাটকটি শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশ ও ভারতেও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গত আগস্টে ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করে ‘জানজিরিন’। এরপরও এর জনপ্রিয়তা অব্যাহত রয়েছে। বর্তমানে নাটকটির মোট ভিউ ১ দশমিক ৩ বিলিয়ন ছাড়িয়ে গেছে।

চলতি বছরের ২৯ এপ্রিল প্রথম পর্ব প্রচারের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ‘জানজিরিন’। জনপ্রিয় চিত্রনাট্যকার ফারহাত ইশতিয়াকের লেখা এবং শাহজাদ কাশমিরির পরিচালনায় নির্মিত নাটকটির গল্প উপজাতীয় পটভূমি ও টানটান উত্তেজনাময় মানবিক ঘটনাপ্রবাহকে ঘিরে। প্রচারের শুরু থেকেই দর্শকদের আগ্রহ তৈরি করে নাটকটির প্রতিটি পর্ব।

নাটকটির সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এর তারকাবহরও। ‘রাবিয়া’ চরিত্রে সাজাল আলী এবং ‘সার বুলন্দ খান’ চরিত্রে দানিয়াল জাফরের অভিনয় ও পর্দার রসায়ন দর্শকদের প্রশংসা পেয়েছে। পাশাপাশি ‘শেরদিল’ চরিত্রে আহসান খানের শক্তিশালী উপস্থিতিও নজর কেড়েছে। আমির গিলানি, সাহার হাশমি, আদনান সিদ্দিকী, সামিয়া মমতাজ, উসমান জাভেদ ও মোমাল শেখের অভিনয়ও নাটকটির জনপ্রিয়তায় বাড়তি মাত্রা যোগ করেছে।