২১ অক্টোবর, ২০২৬ | বুধবারবাংলা: ৫ কার্তিক ১৪৩৩
বিনোদন

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই বনির সঙ্গে প্রেমময় ছবি, কী বার্তা দিলেন কৌশানী?

IMG_6456

টালিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়ের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। দীর্ঘদিনের এই সম্পর্কে নাকি ছেদ পড়েছে, এমন খবরও ছড়িয়ে পড়ে। এর মধ্যে অভিনেত্রী কৌশানীর সঙ্গে পরিচালক ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন সম্পর্কের গুঞ্জনও শোনা যায়। তবে দুর্গাপূজায় প্রেমময় মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করে সেই জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছেন কৌশানী।

পূজার শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ছিলেন অভিনেত্রী। পঞ্চমীতে গ্রাফিক প্রিন্টের ক্রপড ব্লাউজের সঙ্গে ড্রেপ করা স্কার্টে ধরা দেন তিনি। খোলা চুল ও গাঢ় স্মোকি চোখের সাজে নজর কাড়েন কৌশানী। অন্যদিকে, সাবেকি সাজেও দেখা যায় তাঁকে। সোনালি জরির কাজ করা সবুজ কাতান শাড়ি, সোনার গয়না ও ফুলের সাজে বাঙালি লুকে ধরা দেন অভিনেত্রী।

ষষ্ঠীতে গোলাপি শাড়ি ও পাথরের নকশা করা লম্বা হাতার ব্লাউজের সঙ্গে কুন্দনের গয়না বেছে নেন তিনি। তবে সপ্তমী থেকে দশমী পর্যন্ত তাঁর সাজের পাশাপাশি বিশেষভাবে নজর কেড়েছে বনি সেনগুপ্তের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তগুলো।

সপ্তমীতে প্যান্ডেল ঘুরতে গিয়ে বেগুনি কাতানের পিঠখোলা কামিজ, ঢিলেঢালা পায়জামা ও ওড়নায় দেখা যায় কৌশানীকে। ওই দিন বনি-কৌশানীর একসঙ্গে থাকা ছবিও সামনে আসে। পরে সপ্তমীর রাতেও তাঁদের একসঙ্গে দেখা যায়। কৌশানীর পরনে ছিল রেড ওয়াইন রঙের শাড়ি ও স্লিভলেস ব্লাউজ। অন্যদিকে, জিনসের সঙ্গে চকলেট রঙের শার্ট পরেছিলেন বনি।

নবমীর রাতে আবারও একসঙ্গে ছবি শেয়ার করেন এই জুটি। ছবির ক্যাপশনে কৌশানী লেখেন, ‘পুজোর প্রেম তো হতেই হবে।’ তাঁর এই মন্তব্য ঘিরে ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়। ওই রাতে হলুদ রঙের ভারী কাজের শাড়িতে জমকালো সাজে ছিলেন অভিনেত্রী। আর বনি পরেছিলেন বেগুনি ফুলেল নকশার সিল্কের পাঞ্জাবি।

দশমীর সকালেও প্রেমময় মুহূর্তের একগুচ্ছ ছবি পোস্ট করেন কৌশানী। ক্যাপশনে লেখেন, ‘পুজো ব্লিস, পারফেক্ট মেমোরিজ ক্যাপচারড।’ তাঁদের একসঙ্গে কাটানো পূজার মুহূর্তগুলো যেন বিচ্ছেদের গুঞ্জনের বিপরীতে অন্য বার্তাই দিচ্ছে।

Advertisements

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের একাধিক সিনেমায় অভিনয় করেছেন কৌশানী। সেই সূত্রেই তাঁকে ঘিরে নতুন সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বনি-কৌশানীর সাম্প্রতিক ছবিগুলো তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তদের মনে নতুন করে কৌতূহল তৈরি করেছে।

Advertisements