পারফিউমেই বাজিমাত সামান্থার, আট মাসে আয় ১২০ কোটি রুপির বেশি!

সিনেমার পর্দায় সাফল্যের পাশাপাশি ব্যবসায়ও নিজের শক্ত অবস্থান তৈরি করছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয়ের বাইরে একের পর এক উদ্যোগে যুক্ত হয়ে এবার পারফিউম ব্যবসায় বড় সাফল্য পেয়েছেন এই তারকা। তাঁর প্রতিষ্ঠিত সুগন্ধি ব্র্যান্ডের আয় ছাড়িয়েছে ১২০ কোটি রুপি।
সামান্থার পারফিউম ব্র্যান্ডের নাম ‘সিক্রেট অ্যালকেমিস্ট’। অঙ্কিতা থাডানি ও আকাশ ভালির সঙ্গে যৌথভাবে ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেন তিনি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত আট মাসে ব্র্যান্ডটির আয় বেড়েছে আট গুণ। ফলে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সাফল্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শুধু ব্যবসা নয়, অভিনয়েও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন সামান্থা। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ বক্স অফিসে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। একই সময়ে সিনেমা ও ব্যবসা—দুই ক্ষেত্রেই এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী।
সামান্থা বলেন, সম্পূর্ণ ভিন্ন দুটি উদ্যোগকে গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাতে দেখে তাঁর ভীষণ ভালো লাগছে। ‘মা ইন্তি বাঙ্গারাম’ তাঁর হৃদয়ের খুব কাছের একটি সিনেমা। অন্যদিকে, ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ শূন্য থেকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার যাত্রা। এই উদ্যোগের লক্ষ্য ও ভাবনায় বিশ্বাসী একটি দলের সঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত। মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের জন্যও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
পারফিউম ব্র্যান্ডের বাইরেও একাধিক ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন সামান্থা। ২০২০ সালে উদ্যোক্তা সুশ্রুতি কৃষ্ণার সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করেন ‘সাকি’ নামের একটি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড। ভারতীয় নারীদের জন্য সমসাময়িক পোশাক ও লাইফস্টাইল পণ্য নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া হর্ষিতা মোতাপার্থী ও প্রবিষ্টা নাদেল্লার সঙ্গে প্রতিষ্ঠিত ভারতীয় অ্যাকটিভওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘মাইল কালেক্টিভ’-এর সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। পাশাপাশি পুষ্টিবিষয়ক সাপ্লিমেন্ট ব্র্যান্ড ‘গাটাকা’র সহপ্রতিষ্ঠাতাও সামান্থা।
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগেও নিজের অবস্থান শক্ত করছেন এই অভিনেত্রী। তাঁর সাম্প্রতিক সাফল্য আবারও দেখিয়ে দিল, তারকাদের প্রভাব এখন আর শুধু সিনেমার পর্দা কিংবা বক্স অফিসে সীমাবদ্ধ নেই; ব্যবসার জগতেও তা বড় সাফল্যের পথ তৈরি করতে পারে।



