‘তারা আমাকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে জোর করে’: বাঁধন

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় এ অভিযোগ করেন বাঁধন নিজেই।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে বাঁধনের সঙ্গে বাকবিতণ্ডা ও তাকে হেনস্তা করতে দেখা যায়। তাদের একজন বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে তাকে আটক করার দাবি করেন।

ঘটনার পর প্রকাশিত ভিডিওবার্তায় বাঁধনকে আতঙ্কিত অবস্থায় দেখা যায়। তার মুখেও আঘাতের চিহ্ন ও ফোলা ভাব দেখা গেছে বলে দাবি করা হয়েছে।
ভিডিওবার্তায় বাঁধন বলেন, তিনি তার ভাইয়ের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বাঙালি এসে তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। তার শরীরে পানি ও কোমল পানীয় ছোড়া হয় এবং তার ফোন ফেলে দেওয়া হয়। এ সময় তার কানের কাছেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনাস্থলে তার ভাইয়ের ছোট শিশুও ছিল বলে জানান অভিনেত্রী।
বাঁধন আরও বলেন, তাকে ‘জুলাই যোদ্ধা’ বলা হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, হামলাকারীরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক পরিচয় দিয়ে তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করেন। এ সময় তারা ঘটনাটি ভিডিও করে সরাসরি সম্প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

নিজের বক্তব্যে বাঁধন আরও বলেন, তিনি যে সিনেমা নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে গেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেন। পরিচালকের পারিবারিক পরিচয় নিয়েও তিনি হামলাকারীদের উদ্দেশে মন্তব্য করেন এবং তাদের আচরণের সমালোচনা করেন।
এদিকে, ঘটনার পর ভেনিসের একটি থানায় বাঁধন অভিযোগ করেছেন বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ছিলেন আজমেরী হক বাঁধন। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তৎকালীন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন তিনি। ওই রাজনৈতিক অবস্থানের কারণেই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।



