২৩ অক্টোবর, ২০২৬ | শুক্রবারবাংলা: ৭ কার্তিক ১৪৩৩
বিনোদন

চীনে প্রথমবারের মতো হলে মুক্তি পেল এআই নির্মিত সিনেমা

untitled-2-1792738067

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার এবার পৌঁছে গেল চলচ্চিত্রের বড় পর্দায়। চীনে প্রথমবারের মতো সম্পূর্ণ এআই প্রযুক্তির সাহায্যে নির্মিত সিনেমা মুক্তি পেয়েছে। ‘সানশিংদুই: ফিউচার পাস্ট’ নামের সায়েন্স ফিকশন থ্রিলারটি শুক্রবার থেকে দেশটির ১০ হাজারের বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য নির্ধারিত হয়েছে। তবে প্রযুক্তিগত এই নতুন উদ্যোগের পরও সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ এখন পর্যন্ত আশানুরূপ নয়।

টিকিট বিক্রির তথ্য বলছে, মুক্তির দিন শুক্রবার সকাল পর্যন্ত সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে মাত্র ৮০ হাজার ইউয়ান, যা প্রায় ১১ হাজার ৯৮০ মার্কিন ডলারের সমান। ফলে বক্স অফিসে ছবিটির সাফল্য নিয়ে তৈরি হয়েছে সংশয়। প্রাথমিক অনুমান অনুযায়ী, সব মিলিয়ে সিনেমাটির আয় দেড় লাখ ইউয়ানের নিচে থাকতে পারে। সে ক্ষেত্রে নির্মাণ ব্যয়ের তুলনায় আয়ের পরিমাণ হবে উল্লেখযোগ্যভাবে কম।

চীনা চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান বোনা ফিল্ম গ্রুপের তথ্য অনুযায়ী, সিনেমাটি নির্মাণে প্রায় ১০০ জনের একটি দল দুই বছরেরও বেশি সময় কাজ করেছে। এতে ব্যয় হয়েছে ১ কোটি ইউয়ানের বেশি, যা প্রায় ১৫ লাখ মার্কিন ডলারের সমান। এত বড় বিনিয়োগের পর ছবিটির বাণিজ্যিক ফলাফল কেমন হয়, তা নিয়ে এখন নজর রয়েছে চলচ্চিত্রসংশ্লিষ্টদের।

‘সানশিংদুই: ফিউচার পাস্ট’-এর বিশেষত্ব হলো, এর অভিনয়শিল্পী, কণ্ঠস্বর এবং পটভূমির দৃশ্য—সবই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর এই থ্রিলারে এআইয়ের ক্রমবর্ধমান প্রভাব এবং মানবজাতির ভবিষ্যৎ নিয়ে নানা বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

বোনা ফিল্ম গ্রুপের প্রধান নির্বাহী জিয়াং দেফু সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, দর্শকদের সাড়া প্রত্যাশার তুলনায় কম হলেও প্রকল্পটি চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। তাঁর মতে, এই সিনেমা তৈরির মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি একটি নতুন প্রযুক্তিগত পথে প্রথম পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে দর্শকদের সামনে প্রথমবারের মতো এই ধরনের চলচ্চিত্রের গ্রহণযোগ্যতা যাচাইয়ের সুযোগ তৈরি হয়েছে।

এদিকে চীনে এআইনির্ভর ভিডিও কনটেন্টের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। দেশটির ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম দৌইনে (টিকটক) শুধু সেপ্টেম্বর মাসেই এআই দিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য নাটকগুলো ২০০ বিলিয়নের বেশি বার দেখা হয়েছে। ফলে ছোট পর্দায় এআই কনটেন্টের বিপুল জনপ্রিয়তার বিপরীতে বড় পর্দায় সম্পূর্ণ এআইনির্ভর সিনেমার দুর্বল আগাম টিকিট বিক্রি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

Advertisements

প্রযুক্তির অভিনবত্ব থাকা সত্ত্বেও দর্শকপ্রিয়তা অর্জন করা যে আলাদা চ্যালেঞ্জ, ‘সানশিংদুই: ফিউচার পাস্ট’-এর প্রাথমিক বক্স অফিস চিত্রে তারই ইঙ্গিত মিলছে। সিনেমাটি শেষ পর্যন্ত কতটা আয় করতে পারে, তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি চলচ্চিত্র নির্মাণে এআইয়ের ভবিষ্যৎ ভূমিকা নির্ধারণেও এর ফলাফল তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।

Advertisements