৭ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ২৩ ভাদ্র ১৪৩৩
বিনোদন

‘তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ’- পরীমণির কোলে নবজাতক

PORI-2

পরীমণির কোলে ফুটফুটে এক নবজাতক। চোখে রোদচশমা, পরিপাটি সাজে গাড়িতে বসে আছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। আর সেই ছবির সঙ্গে মাত্র কয়েকটি শব্দ—‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’ এতটুকুই যেন যথেষ্ট ছিল নতুন এক রহস্যের জন্ম দিতে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিটি প্রকাশ করেন পরীমণি। ছবিতে তাঁর কোলে থাকা শিশুটিকে দেখেই ভক্তদের মনে ঘুরপাক খেতে শুরু করে নানা প্রশ্ন। তবে কি আবারও মা হলেন অভিনেত্রী? নাকি নতুন কোনো সন্তানকে নিজের পরিবারে স্বাগত জানিয়েছেন তিনি?

ছবির ক্যাপশনও সেই কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। কারণ, ‘তিন নাম্বার জন ডান’ কথাটির অর্থ কী—তা স্পষ্ট করেননি পরীমণি। ফলে পোস্টটি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের প্রশ্নের যেন শেষ নেই। কেউ অভিনন্দন জানাচ্ছেন, কেউ আবার জানতে চাইছেন, শিশুটিই বা কে?

শিশুদের প্রতি পরীমণির ভালোবাসার কথা অবশ্য নতুন নয়। নিজের সন্তানদের পাশাপাশি শিশুদের প্রতি তাঁর স্নেহের বিষয়টি বিভিন্ন সময় প্রকাশ্যে এসেছে। এমনকি একাধিকবার তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আরও সন্তানের মা হতে চান। কোনো কোনো সময় মজা করে ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও বলেছেন এই অভিনেত্রী।

তাই তাঁর সাম্প্রতিক পোস্টকে ঘিরে দত্তক নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছেন না অনেকে। পরীমণির ব্যক্তিজীবনে মাতৃত্বের অধ্যায় শুরু হয় চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের পর। তাঁদের ঘরে আসে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্য। পরবর্তী সময়ে রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিজের কাছেই রেখে বড় করতে থাকেন পরীমণি। এরপর কয়েক বছর পর কন্যাশিশুকে দত্তক নেন তিনি। মেয়ের নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে দুই সন্তানকে নিয়েই তাঁর সংসার। অভিনয়ের ব্যস্ততার মাঝেও সন্তানদের সময় দেওয়ার চেষ্টা করেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমেও মাঝেমধ্যে সন্তানদের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় তাঁকে।

এবারের ছবিতেও তাই অনেকের চোখ আটকে গেছে শিশুটির দিকে। গাড়ির ভেতর পরীমণির কোলে থাকা শিশুটিকে দেখে অনেকেই ধরে নিয়েছেন, পরিবারে হয়তো নতুন সদস্যের আগমন ঘটেছে। কেউ কেউ সরাসরি অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছেন, আবার কেউ জানতে চেয়েছেন, ‘তৃতীয় সন্তান কি সত্যিই এসেছে?’

তবে বিষয়টি নিয়ে এখনো সরাসরি কোনো ব্যাখ্যা দেননি পরীমণি। শিশুটির পরিচয় কিংবা ‘তিন নাম্বার জন’ বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন—সেটিও স্পষ্ট নয়।

বিষয়টি পরিষ্কার করতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রসঙ্গে প্রশ্ন করার আগেই ফোনকলটি কেটে দেন অভিনেত্রী। ফলে রহস্যের জট আরও বেড়েছে।

সত্যিই কি পরিবারে নতুন অতিথি এসেছে? নাকি ‘তিন নাম্বার জন’ কথাটির পেছনে রয়েছে অন্য কোনো গল্প? আপাতত উত্তর অজানা। তবে পরীমণির রহস্যময় পোস্ট যে ভক্তদের কৌতূহলের কেন্দ্রে চলে এসেছে, তা বলার অপেক্ষা রাখে না।

Advertisements