৫ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২১ ভাদ্র ১৪৩৩
বিনোদন

দেবের ‘ফ্যামিলি’ পোস্টে শুভশ্রীর মন্তব্য, নজর কাড়ল অভিনেতার উত্তর

IMG_4487

কাজের ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিতে দেখা যায় টালিউড অভিনেতা দীপক অধিকারী দেবকে। সম্প্রতি বাবা-মা ও বোনের সঙ্গে সময় কাটানোর কয়েকটি মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা। আর সেই পোস্টের কমেন্টবক্সে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পরিবারের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন দেব। ছবিগুলোতে অভিনেতার সঙ্গে তার বাবা-মা ও বোনকে দেখা গেলেও ছিলেন না রুক্মিণী মৈত্র। বিষয়টি চোখ এড়ায়নি নেটিজেনদের। অনেকেই কমেন্টে জানতে চান, পরিবারকে নিয়ে সময় কাটানোর মুহূর্তে রুক্মিণী কোথায়?

তবে এসব প্রশ্নের মাঝেই সবচেয়ে বেশি নজর কাড়ে শুভশ্রীর মন্তব্য। দেবের পোস্টের ক্যাপশন ধরে অভিনেত্রী লেখেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গেছে!’

শুভশ্রীর এই মন্তব্যের পর আরও চর্চা শুরু হয় দেবের জবাব ঘিরে। ভালোবাসার ইমোজি দিয়ে অভিনেতা লেখেন, ‘আমার চোখে নিজেকে খুঁজে দেখ, আগের মতোই আজও আছে যে সবই এক।’

দেব ও শুভশ্রীর এই কথোপকথন দ্রুতই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের সম্পর্ক ও পরবর্তী দূরত্বের নানা অধ্যায়। আগামী দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে দেব-শুভশ্রী অভিনীত ‘দেশু ৭’। সিনেমাটির প্রচারে সম্প্রতি বহুদিন পর আবারও একসঙ্গে দেখা গেছে এই তারকা জুটিকে। তাদের কাছাকাছি আসার বিষয়টি নিয়েও উচ্ছ্বসিত ভক্তরা।

এর আগে ‘ইনোসেন্স’ প্রসঙ্গ ঘিরে দেব ও শুভশ্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বলে আলোচনা ছিল। ‘ধূমকেতু’ মুক্তির পরও তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। সম্প্রতি অরিত্র দত্ত বণিকের সঙ্গে এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই কথা বলেন দেব।

অভিনেতা জানান, ‘ইনোসেন্স’ বিতর্কের পর তিনি শুভশ্রীর ফোন নম্বর মুছে দিয়েছিলেন। পরে আবার নম্বরটি সেভ করলেও ‘শুভশ্রী অভিনেত্রী’ নামে রেখেছিলেন। তবে অরিত্রর সামনে সেটি পরিবর্তন করে ‘শুভ’ নামে সেভ করেন দেব। এবার সামাজিক মাধ্যমে শুভশ্রীর মন্তব্যের জবাবে দেবের এমন আবেগঘন উত্তর পুরোনো সেই অধ্যায়কে আবারও আলোচনায় নিয়ে এসেছে।

Advertisements