৫ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২১ ভাদ্র ১৪৩৩
বিনোদন

দীর্ঘদিন পর বাবা রঞ্জিতের সঙ্গে পর্দায় ফিরছেন কোয়েল

IMG_4475

টালিউডের কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক আবারও বড়পর্দায় ফিরছেন নতুন সিনেমা নিয়ে। অন্নপূর্ণা বসুর পরিচালনায় ‘স্পর্ধা’ সিনেমায় এবার তার সঙ্গে অভিনয় করবেন মেয়ে ও অভিনেত্রী কোয়েল মল্লিক। সিনেমাটিতে আরও থাকছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

গত বছর অন্নপূর্ণা বসুর ‘স্বার্থপর’ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরেছিলেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। সেই সিনেমায় কোয়েলের বিপরীতে নয়, বরং আইনজীবীর চরিত্রে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের কার্যালয়ে ‘স্পর্ধা’র শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় ও পরিচালক অন্নপূর্ণা বসু। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারও জুটি হিসেবে পর্দায় দেখা যাবে পরমব্রত ও কোয়েলকে।

চলতি মাসের শেষ দিকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘স্পর্ধা’।

প্রযোজক নিসপাল সিং রানের ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সদীপ ভট্টাচার্য। ‘স্পর্ধা’য় তুলে ধরা হবে একজন স্বাধীনচেতা নারীর গল্প। যিনি নিজের কাজের সঙ্গে কোনো আপস না করে একদিকে সংসার ও অন্যদিকে ক্যারিয়ার সামলান। একই সঙ্গে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার লড়াইও চালিয়ে যান।