৫ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২১ ভাদ্র ১৪৩৩
বিনোদন

অবশেষে প্রকাশ্যে এলো ইয়াশ-তটিনীর ‘কাবিননামা’

IMG_4464

বাংলা নাটকের জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তারা।

অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবনেও তাদের সম্পর্ক নিয়ে একসময় গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেই গুঞ্জনকে গুরুত্ব না দিয়ে দুজনই নিজেদের সম্পর্ককে পেশাদারিত্ব ও বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ বলে জানিয়েছেন।

দীর্ঘদিন একসঙ্গে নাটকে দেখা যায়নি ইয়াশ-তটিনীকে। ফলে তাদের রসায়ন আবার পর্দায় দেখতে আগ্রহী ছিলেন দর্শকরা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার প্রকাশ পেয়েছে তাদের নতুন নাটক ‘কাবিননামা’।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় নাটকটি। নিজের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। ইয়াশ রোহান ও তটিনীর পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, এস এইচ মামুন, কামরুন নাহার রুমা, মুহিত তমালসহ আরও অনেকে।

প্রকাশের পর থেকেই ‘কাবিননামা’ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। মাত্র এক দিনের ব্যবধানে নাটকটির ভিউ ২৫ লাখ ছাড়িয়ে গেছে। পাশাপাশি দুই হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে কমেন্ট বক্সে।

দর্শকদের মন্তব্যে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছে ইয়াশ-তটিনী জুটি। দীর্ঘ বিরতির পর তাদের একসঙ্গে পর্দায় ফেরাকে ইতিবাচকভাবেই নিয়েছেন ভক্তরা। নাটকটির সাফল্য দেখে বোঝা যাচ্ছে, এই জুটির নতুন কাজের জন্য দর্শকদের আগ্রহ এখনও বেশ তীব্র।