আজ চিকা দিবস: রসায়নের একটি গুরুত্বপূর্ণ ধারণাকে উদযাপনের দিন

রসায়নের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও বিজ্ঞানপ্রেমীদের জন্য ২৩ অক্টোবর একটি বিশেষ দিন। বিশ্বজুড়ে দিনটি ‘মোল ডে’ বা মোল দিবস হিসেবে পরিচিত। এটি একটি অনানুষ্ঠানিক বিজ্ঞানভিত্তিক আয়োজন, যার মাধ্যমে রসায়নের গুরুত্বপূর্ণ ধারণাগুলোকে সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে রসায়ন শেখার আগ্রহ বাড়ানোও এই দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।
প্রতি বছর ২৩ অক্টোবর সকাল ৬টা ২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২ মিনিট পর্যন্ত মোল দিবস উদযাপন করা হয়। দিন ও সময় নির্বাচনের পেছনে রয়েছে রসায়নের একটি গুরুত্বপূর্ণ সংখ্যার সঙ্গে মিল। যুক্তরাষ্ট্রে প্রচলিত তারিখ লেখার পদ্ধতিতে ২৩ অক্টোবর লেখা হয় ১০/২৩। এর সঙ্গে সকাল ৬টা ২ মিনিটের সময় যুক্ত করলে পাওয়া যায় ৬:০২ ১০/২৩। এই বিন্যাসটি অ্যাভোগাড্রো সংখ্যার আনুমানিক মান ৬.০২ × ১০²³-এর কথা মনে করিয়ে দেয়।
রসায়নে পদার্থের পরিমাণ নির্ণয়ের জন্য আন্তর্জাতিক একক পদ্ধতি বা এসআইতে ‘মোল’ ব্যবহার করা হয়। এক মোল পদার্থে নির্দিষ্ট সংখ্যক মৌলিক কণা থাকে। এই সংখ্যাকে বলা হয় অ্যাভোগাড্রো ধ্রুবক, যার নির্ধারিত মান ৬.০২২১৪০৭৬ × ১০²³। পদার্থের ধরন অনুযায়ী এসব কণা পরমাণু, অণু, আয়ন কিংবা অন্য কোনো নির্দিষ্ট মৌলিক সত্তা হতে পারে।
সহজভাবে বোঝালে, মোল হলো অতি ক্ষুদ্র কণার সংখ্যা প্রকাশ করার একটি পরিমাপের একক। যেমন, পানির আণবিক ভর প্রায় ১৮ গ্রাম প্রতি মোল। ফলে প্রায় ১৮ গ্রাম পানিতে এক মোল পানির অণু থাকে। অর্থাৎ, ওই পরিমাণ পানিতে আনুমানিক ৬.০২২ × ১০²³টি পানির অণু রয়েছে।
রসায়নের মতো বিষয়কে শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে ১৯৮০-এর দশকে মোল দিবস পালনের ধারণা জনপ্রিয় হতে শুরু করে। পরবর্তী সময়ে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল মোল ডে ফাউন্ডেশন। এর মাধ্যমে দিবসটি উদযাপনের উদ্যোগ আরও সংগঠিত রূপ পায়।
মোল দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা ধরনের বিজ্ঞানভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব আয়োজনের মধ্যে রয়েছে রসায়নবিষয়ক কুইজ, বৈজ্ঞানিক প্রদর্শনী, পোস্টার তৈরি ও প্রতিযোগিতা এবং আলোচনা অনুষ্ঠান। শিক্ষার্থীরা এসব কার্যক্রমের মাধ্যমে রসায়নের বিভিন্ন ধারণা হাতে-কলমে বুঝতে পারে এবং বিজ্ঞান সম্পর্কে নিজেদের কৌতূহল প্রকাশের সুযোগ পায়।
রসায়নে মোলের ধারণা পদার্থের পরিমাণ হিসাব করা, রাসায়নিক বিক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানের অনুপাত নির্ধারণ এবং পরীক্ষাগারে পরিমাপের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিষয়টি শুধু পাঠ্যবইয়ের একটি অধ্যায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; আধুনিক রসায়নচর্চারও অন্যতম ভিত্তি।
মোল দিবসের মূল তাৎপর্য হলো, জটিল বৈজ্ঞানিক বিষয়কে আনন্দময় ও সহজবোধ্য উপায়ে শেখার সুযোগ তৈরি করা। বিজ্ঞানভিত্তিক বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু মন গড়ে তোলা এবং রসায়নের প্রতি আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে দিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



