বিচ্ছেদের পর দেশ ছাড়লেও থামেনি হয়রানি, ভিডিও বার্তায় অভিনেত্রী

বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে সাইবার বুলিং ও স্টকিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী মান্দানা করিমি। তার দাবি, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার সহ-অভিনেতা ও প্রযোজকদের কাছে ই-মেইল পাঠিয়ে তার বিরুদ্ধে নানা কথা বলার পাশাপাশি অর্থও দাবি করছেন। ভারত ছাড়ার পরও এই হয়রানি বন্ধ হয়নি বলে জানিয়েছেন মান্দানা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও প্রকাশ করে নিজের অভিজ্ঞতার কথা জানান সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী মান্দানা। তিনি বলেন, বিচ্ছেদের পরও গত ছয় বছর ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।
মান্দানা বলেন, ‘আমি ছুটিতে আছি। বিচ্ছেদের পর ছয় বছরেরও বেশি সময় ধরে আমি সাইবার বুলিং ও স্টকিংয়ের শিকার। একটি অ্যাকাউন্ট আমার প্রযোজক ও সহ-অভিনেতাদের কাছে বার্তা পাঠিয়ে আমার সম্পর্কে নানা কথা বলেছে এবং তাদের কাছে টাকাও চেয়েছে। এখনো এসব ঘটছে। আমি বুঝতে পারি না, কে আমাকে এতটা ঘৃণা করে যে আমার কোনো কাজ, অর্থ কিংবা বন্ধু কিছুই থাকুক—এটা সে চায় না।’

অভিনেত্রীর দাবি, প্রায় চার বছর আগে তিনি বিষয়টির গভীরে যাওয়ার চেষ্টা করেছিলেন। এ জন্য একজনকে নিয়োগ করে ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করেন। তখন তাকে জানানো হয়, কেউ একজন পেশাদার হ্যাকারকে অর্থ দিয়ে তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নজরদারি করাচ্ছে।
নিজের হয়রানির কিছু প্রমাণও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মান্দানা। তিনি সবাইকে সতর্ক করে বলেন, তার সম্পর্কে কোনো ই-মেইল পেলে তাতে সাড়া না দিতে বা অর্থ না পাঠাতে। বরং সেটির স্ক্রিনশট নিয়ে তাকে পাঠানোর অনুরোধ করেছেন তিনি।
মান্দানা করিমি ও মুম্বাইয়ের ব্যবসায়ী গৌরব গুপ্তের পরিচয় ও প্রেমের সম্পর্কের পর ২০১৭ সালে বিয়ে হয়। একই বছর তারা আদালতে বিয়ে করার পর ঐতিহ্যবাহী হিন্দু রীতিতেও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ২০২১ সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়।

এর আগে রিয়েলিটি শো ‘লক আপ’-এ অংশ নিয়ে দাম্পত্য জীবনের নানা জটিলতা নিয়ে কথা বলেছিলেন মান্দানা। স্বামীর একাধিক পরকীয়ার অভিযোগও করেছিলেন তিনি।
চলতি বছরের মে মাসে প্রায় ১৬ বছর ভারতে থাকার পর দেশটি ছাড়ার সিদ্ধান্তের কথা জানান মান্দানা। পরে এক সাক্ষাৎকারে তিনি জানান, নিরাপত্তাজনিত কারণেই ভারত ছাড়ছেন। নিজের সামাজিক ও রাজনৈতিক অবস্থান প্রকাশ্যে তুলে ধরার কারণেও তিনি হুমকির মুখে পড়েছিলেন বলে দাবি করেন।

ভারত ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মান্দানা লিখেছিলেন, নতুন দেশ, নতুন বাড়ি ও নতুন জীবন শুরুর পথে এগোচ্ছেন তিনি। তবে দেশ ছাড়ার পরও তার বিরুদ্ধে অনলাইন হয়রানি অব্যাহত থাকায় এবার প্রকাশ্যেই বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
উল্লেখ্য, মান্দানাকে সর্বশেষ নেটফ্লিক্সের সিনেমা ‘থর’-এ দেখা গেছে।
সূত্র: এনডিটিভি



