বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
বিবিধ

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ খুলছে সুন্দরবন

image_266445_1771051202

টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি পাচ্ছেন জেলে, বাওয়ালি, মৌয়াল ও পর্যটকেরা। দীর্ঘ বিরতির পর সুন্দরবন খুলে দেওয়ায় পর্যটকদের বরণে প্রস্তুতি নিয়েছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় বনজ সম্পদ সংগ্রহে বনের পথে যাত্রা শুরু করেছেন বনজীবীরাও।

বন্য প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশ ও সব ধরনের বনজ সম্পদ আহরণে নিষেধাজ্ঞা জারি ছিল। তিন মাসের এই নিষেধাজ্ঞা শেষে আজ থেকে আবারও পর্যটক ও বনজীবীদের জন্য সুন্দরবনের দরজা খুলে দেওয়া হলো।

বন বিভাগ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞার সময়ে সরকারি নির্দেশ অমান্য করে সুন্দরবনে প্রবেশ এবং মাছ ও কাঁকড়া আহরণের অভিযোগে গত তিন মাসে ৫৫টি মামলা করেছে বন বিভাগ। এসব ঘটনায় ৪৪ জনকে আটক করা হয়েছে।

এদিকে সুন্দরবনে দস্যুতা দমনে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। বন খোলার আগে বনজীবীদের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন খুলে দেওয়া হয়েছে। এ জন্য বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দস্যুতা দমনে কোস্টগার্ড, র‍্যাবসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে।

দীর্ঘ তিন মাস পর সুন্দরবন খুলে দেওয়ায় একদিকে যেমন পর্যটকদের মধ্যে নতুন করে ভ্রমণের আগ্রহ তৈরি হয়েছে, অন্যদিকে জেলে, বাওয়ালি ও মৌয়ালদের মধ্যেও জীবিকা নির্বাহের সুযোগ ফিরে এসেছে। তবে বনজ সম্পদ আহরণ ও বন্য প্রাণী সংরক্ষণে সরকারি বিধিনিষেধ মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে বন বিভাগ।

Advertisements