বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৩০ আগস্ট, ২০২৬
বিনোদন

সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

imran-hasmi-mt1by4ecra25ujx-20260820154213

নতুন সিনেমা ‘আওয়ারাপন টু’ দিয়ে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তবে সিনেমাটির সাফল্যের আনন্দের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেতা। কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর পরীক্ষায় তার শরীরে সোয়াইন ফ্লুর ভাইরাস শনাক্ত হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ে চিকিৎসকদের পরামর্শে ইমরানের পরীক্ষা করা হলে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। সম্প্রতি সিনেমার প্রচারণা ও অন্যান্য কাজের কারণে ভারতের রাঁচিসহ বেশ কয়েকটি শহরে ভ্রমণ করেছিলেন ইমরান। মুম্বাইয়ে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থতার কারণে ব্যাঙ্গালুরুতে আয়োজিত ‘আওয়ারাপন টু’-এর একটি বিশেষ প্রদর্শনীতেও অংশ নিতে পারেননি অভিনেতা।


অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেন ইমরান। অসুস্থতার কারণে অনুষ্ঠানে যোগ দিতে না পারার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। এদিকে ইমরানের শারীরিক অসুস্থতার খবরের মধ্যেও থেমে নেই ‘আওয়ারাপন টু’-এর বক্স অফিস যাত্রা। স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাটি ইতোমধ্যে ভারতের বাজারে ৪০ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’-এর পুরো সময়ের আয়কে ছাড়িয়ে যায়। শুধু তাই নয়, প্রথম শনিবারের মধ্যেই ইমরান হাশমির আগের কয়েকটি সফল সিনেমা—‘হক’, ‘রাজ টু’, ‘এক থি ডাইন’ ও ‘জন্নাত’-এর মোট ব্যবসাকেও পেছনে ফেলেছে ‘আওয়ারাপন টু’। একই সময়ে সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’-এর তুলনায়ও এগিয়ে রয়েছে সিনেমাটি।


২০০৭ সালের আলোচিত ক্রাইম-থ্রিলার ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘আওয়ারাপন টু’। বিশেশ ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন বিশেশ ভাট। পরিচালনায় রয়েছেন নিতিন কক্কর। ছবিতে ইমরান হাশমির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। দীর্ঘদিন পর ‘আওয়ারাপন’-এর পরিচিত আবহ ও চরিত্রের সঙ্গে ইমরান হাশমির পর্দায় প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। সিনেমাটির বক্স অফিস সাফল্যও সেই আগ্রহেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Advertisements