বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ২৯ আগস্ট, ২০২৬
বিবিধ

প্রচণ্ড গরমে ৪০ কিলোমিটার যানজট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম ভোগান্তি

IMG_20260829_172701

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে সংস্কারকাজের কারণে ভয়াবহ যানজটে পড়েছেন যাত্রী ও চালকেরা। প্রায় ৩০ ঘণ্টা ধরে চলা এই যানজট শনিবার (২৯ আগস্ট) বেলা ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আশরিয়ারচরে ঢাকামুখী লেনে একটি সেতুর সংস্কারকাজ শুরু হয়। এরপর ওই এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হলে ধীরে ধীরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে এর প্রভাব মহাসড়কের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে।

দীর্ঘ সময় যানজটে আটকে থেকে গত রাতে হৃদ্‌রোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

এদিকে প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বাসযাত্রী, চালক ও পরিবহনশ্রমিকেরা। ফেনী থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া আরিফুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৬টায় যাত্রা শুরু করেন তিনি। স্বাভাবিক সময়ে প্রায় তিন ঘণ্টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও প্রায় পৌনে সাত ঘণ্টা পরও তিনি দাউদকান্দি এলাকায় যানজটে আটকে ছিলেন।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, মেঘনা সেতু পার হওয়ার পর নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় একটি সেতুর সংস্কারকাজ শুরু হয়। কাজ চলাকালে কিছু সময় ঢাকামুখী সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে দ্রুত যানবাহনের চাপ বাড়তে থাকে এবং একপর্যায়ে যানজট কুমিল্লা সেনানিবাস পর্যন্ত প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। শনিবার বেলা ৩টা পর্যন্ত এর প্রভাব ছিল।

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ শামীম বলেন, ঢাকামুখী লেনে সংস্কারকাজ শুরুর পর থেকেই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট পুরোপুরি নিরসন না হওয়া পর্যন্ত হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। প্রচণ্ড গরমে আটকে থাকা যাত্রী ও চালকদের দুর্ভোগ কমাতেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

Advertisements