জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের ৭৪ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধা এবং গুম-খুনের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ৭৪ জনের মধ্যে ১০ জনের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যদের মধ্য থেকে মোট ৭৪ জনকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা।
এ ছাড়া জুলাই অভ্যুত্থানে আহত ও দৃষ্টিশক্তি হারানো আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলমসহ আরও অনেকে এ নিয়োগের আওতায় এসেছেন।
অনুষ্ঠানে নিয়োগপত্র গ্রহণের পর কয়েকজন পরিবারের সদস্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাদের মধ্যে ইশফাক আহমেদ, শাম্মী সুলতানা, আলাল আহমেদ, শহীদ আনভীর বাবা মমতাজ হোসেন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন এবং জুলাই যোদ্ধা কাজী সাইমুম সিরাজ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা বলেন, চাকরির নিয়োগ তাদের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা। একই সঙ্গে গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবিও জানান তারা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই উদ্যোগকে শহীদ, আহত ও গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।



