আজ বিশ্ব লেবুর রস দিবস: টক স্বাদের সতেজতায় উদযাপিত হোক দিনটি

লেবুর শরবত, টক-মিষ্টি স্বাদের এই সতেজ পানীয় গরমের দিনে যেমন স্বস্তি দেয়, তেমনি খাবারের স্বাদেও যোগ করে বাড়তি বৈচিত্র্য। লেবুর রস শুধু তৃষ্ণা মেটানোর পানীয় নয়, রান্না থেকে শুরু করে শরবত—বিভিন্নভাবেই এর ব্যবহার রয়েছে। তাই লেবুর রসের জনপ্রিয়তা ও নানা গুণকে উদযাপন করতেই দিনটি ঘিরে নানা আয়োজন করা হয়।
প্রতি বছর ২৯ আগস্ট পালিত হয় লেবুর রস দিবস।
লেবুর রসের সতেজতা, স্বাদ ও বহুমুখী ব্যবহারকে ঘিরে পালিত হয় এই দিবস। পানীয় থেকে শুরু করে রান্না, বেকিং এবং দৈনন্দিন জীবনের নানা কাজেও লেবুর রস ব্যবহার করা হয়। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি এর রয়েছে নানা ব্যবহার।
লেবুর রসের যত ব্যবহার
লেবুর রস বিভিন্ন ধরনের পানীয় ও খাবারের অন্যতম পরিচিত উপাদান। শরবত, লেমোনেড কিংবা অন্যান্য পানীয় তৈরিতে এর ব্যবহার তো আছেই। পাশাপাশি লেমন কেক, পাই, চিকেনসহ নানা পদেও লেবুর রস ব্যবহার করা হয়।
লেবুর রসের ব্যবহার খাবারেই শেষ নয়। বিভিন্ন স্বাস্থ্য ও সুস্থতাবিষয়ক চর্চাতেও এটি ব্যবহৃত হয়। এমনকি চুলের রং কিছুটা হালকা করতেও লেবুর রস ব্যবহারের প্রচলন রয়েছে।
অনেকের কাছে লেবু মানেই খাবারের সঙ্গে কয়েক ফোঁটা রস বা এক গ্লাস লেমোনেড। অথচ এর ব্যবহার আরও বিস্তৃত। লেবুর রস দিবস মানুষকে সেই বহুমুখী ব্যবহার সম্পর্কে জানার সুযোগ করে দেয়।
দিবসটির ইতিহাস
১৪৯৩ সালে ক্রিস্টোফার কলম্বাস লেবু নতুন পৃথিবীতে নিয়ে আসার পর থেকে ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। সময়ের সঙ্গে লেবু বিভিন্ন সংস্কৃতি ও জীবনের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
লেবুর রসের বহুমুখী ব্যবহার বিবেচনায় নিয়ে এর জন্য বছরের একটি দিন উৎসর্গ করার ধারণা থেকেই লেবুর রস দিবসের প্রচলন হয়। বহু বছর ধরে দিবসটি পালিত হয়ে আসছে। তবে ঠিক কবে থেকে এর আনুষ্ঠানিক উদযাপন শুরু হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না।
যেভাবে উদযাপন করবেন
লেবুর রস দিবস উদযাপনের সবচেয়ে সহজ উপায় হলো লেবু দিয়ে নিজের পছন্দের কিছু তৈরি করা। এক গ্লাস লেমোনেড, লেমন কেক কিংবা লেবুর স্বাদযুক্ত কোনও খাবার হতে পারে দিনের বিশেষ আয়োজন।
চাইলে বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে লেমোনেডের আয়োজন করতে পারেন। আরও মজার কিছু করতে চাইলে মূল খাবার থেকে ডেজার্ট ও পানীয় সবকিছুতেই লেবুর স্বাদ রাখতে পারেন।
আর ভ্রমণের সুযোগ থাকলে ফ্রান্সের ফ্রেঞ্চ রিভিয়েরায় অনুষ্ঠিত বার্ষিক লেমন ফেস্টিভ্যালে অংশ নেওয়ার পরিকল্পনাও করতে পারেন। তবে এত দূরে না গেলেও ঘরেই লেবুর রস দিয়ে নতুন কোনও পদ তৈরি করে দিবসটি উদযাপন করা সম্ভব।
লেবুর রস সহজলভ্য, ব্যবহারও সহজ। তাই দিবসটি হতে পারে লেবুর পরিচিত ব্যবহারের বাইরে নতুন কিছু জানার এবং স্বাদ নেওয়ার একটি উপলক্ষ।



