সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক, ঢাকা-রিয়াদ সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয়

বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে দুই দেশের বহুমুখী অংশীদারত্বকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উভয় দেশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ অধিবেশনের ফাঁকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বিপক্ষীয় বৈঠকে এ অঙ্গীকার করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি চিঠি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফর হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব সফরের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার নতুন সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্ভাব্য উচ্চপর্যায়ের সফরের বিষয়েও তিনি আলোচনা করেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তিনি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বাড়তে থাকা আগ্রহের কথা তুলে ধরে তিনি বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ও নতুন বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণে সৌদি আরবের গভীর আগ্রহের কথা জানান। একইসঙ্গে সৌদি আরবের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি তাদের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।
বৈঠকের শেষ দিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।



