মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হ’ত্যা, নারী-শিশুর ওপর যৌ’ন সহিং’সতার প্রমাণ মিলেছে

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো সামরিক অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও শিশুদের ওপর নৃশংস নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। এমনকি বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা বেসামরিক মানুষের ওপরও হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আলোচিত গণহত্যা মামলার রায় পাঠের শুরুতে এসব তথ্য তুলে ধরেছেন আদালতের বিচারকেরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় উন্মুক্ত অধিবেশনে রায় ঘোষণা শুরু হয়। ১৫ বিচারপতির এই আদালতের সভাপতিত্ব করছেন বিচারক ইউজি ইওয়াসাওয়া। আলজাজিরা ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রায় পাঠের প্রাথমিক পর্যায়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত ভয়াবহ নির্যাতনের চিত্র উঠে আসে।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানের ঘটনায় গণহত্যার অভিযোগে ২০১৯ সালের ১১ নভেম্বর দেশটির বিরুদ্ধে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্যরাষ্ট্রের পক্ষে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান ও নির্যাতন ১৯৪৮ সালের গণহত্যা সনদের সুস্পষ্ট লঙ্ঘন।
গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালের সামরিক অভিযানের মাধ্যমে অন্তত সাত লাখ ৩০ হাজার মুসলিম রোহিঙ্গাকে মিয়ানমার থেকে বিতাড়িত করা হয়। ওই অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, গণধর্ষণ এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনেকেই তাঁদের অভিজ্ঞতার ভয়াবহ বিবরণ দিয়েছেন। জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী মিশনও ওই অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ডের উপস্থিতির কথা উল্লেখ করেছিল।
রোহিঙ্গা সংকটের সূত্রপাত
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) প্রায় ৩০টি পুলিশ ফাঁড়ি ও একটি সেনা ঘাঁটিতে হামলা চালায়। এর পরদিন থেকেই সেনাবাহিনী ও আরসার মধ্যে সংঘর্ষ তীব্র হয়ে ওঠে। এর জেরে রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে শুরু হয় ব্যাপক সামরিক অভিযান। প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।
পরবর্তী কয়েক সপ্তাহে রোহিঙ্গাদের বসতিগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। ২ সেপ্টেম্বরের মধ্যে দুই হাজার ৬০০টির বেশি ঘরবাড়ি ধ্বংসের খবর পাওয়া যায়। ১১ সেপ্টেম্বর জাতিসংঘের তৎকালীন মানবাধিকারবিষয়ক হাইকমিশনার এই অভিযানকে ‘জাতিগত নিধনের পাঠ্যবইয়ের উদাহরণ’ হিসেবে বর্ণনা করেন।
একই বছরের ১২ ডিসেম্বর আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) বাংলাদেশের শরণার্থীশিবিরে পরিচালিত এক জরিপের ফল প্রকাশ করে। জরিপে বলা হয়, ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ছয় হাজার ৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ছিল অন্তত ৭৩০।
আদালতে মামলার অগ্রগতি
মামলা দায়েরের পর ২০২০ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালত অন্তর্বর্তী আদেশ দেন। এতে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মিয়ানমারকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পরবর্তী সময়ে কানাডা, জার্মানি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডসহ কয়েকটি দেশ মামলার বিচারপ্রক্রিয়ায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে। ২০২৩ ও ২০২৪ সালে এসব দেশ গণহত্যা সনদ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে আদালতে হস্তক্ষেপের আবেদন জানায়। ২০২৬ সালের জানুয়ারিতে মামলাটির প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়। পরে ৩ নভেম্বর আদালত ১৯ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।
ন্যায়বিচারের অপেক্ষায় রোহিঙ্গারা
বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা এই মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছেন। তাঁদের প্রত্যাশা, আন্তর্জাতিক আদালতের বিচারপ্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিনের নির্যাতনের ন্যায়বিচার নিশ্চিত হবে এবং একসময় নিরাপদে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার পথ তৈরি হবে।
রোহিঙ্গা সংকটের সমাধান শুধু একটি জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার বিষয় নয়; এটি আন্তর্জাতিক মানবাধিকার ও গণহত্যা প্রতিরোধের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তাই হেগের আদালতে চলমান এই বিচারপ্রক্রিয়ার দিকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের গভীর আগ্রহ রয়েছে।



