মুখে রং মেখে বিয়ের সাজ, বুলগেরিয়ার মুসলিম বিয়েতে অভিনব সাজের রীতি

বিয়ের সাজ বলতে সাধারণত চোখে ভাসে জমকালো পোশাক, গয়না আর বাহারি প্রসাধনীর ব্যবহার। কিন্তু বুলগেরিয়ার মুসলিম সম্প্রদায় পোমাকদের বিয়েতে কনের সাজে রয়েছে একেবারেই ভিন্নধর্মী আয়োজন। এখানে শুধু পোশাক বা গয়নায় নয়, কনের মুখজুড়েই ফুটিয়ে তোলা হয় নানা রঙের নকশা। চুমকি, ফুল ও বিচিত্র রঙের সমন্বয়ে তৈরি করা হয় দৃষ্টিনন্দন সাজ। ‘জেলিনা’ নামে পরিচিত এই ঐতিহ্যবাহী প্রথা পোমাকদের বিয়ের অন্যতম প্রধান আকর্ষণ।

এই বিশেষ সাজের জন্য কনেকে প্রথমে বিছানায় শুইয়ে দেওয়া হয়। এরপর পরিবারের নারী সদস্য ও স্বজনেরা তাঁকে ঘিরে বসেন। তাঁদের কেউ মুখে রঙের প্রলেপ দেন, কেউ যত্ন করে বসিয়ে দেন চুমকি, আবার কেউ আঁকেন ফুল ও নানা নকশা। পুরো সাজ সম্পন্ন করতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। এ সময় কনেকে চোখ বন্ধ করে থাকতে হয়। সাজ শেষ হওয়ার পরও চোখ বন্ধ রেখেই তাঁকে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে হয়।
পোমাকদের বিয়ের আয়োজন সাধারণত দুই দিন ধরে চলে। তুর্কি-ওসমানি ঐতিহ্যের প্রভাব রয়েছে তাঁদের বিয়ের নানা আনুষ্ঠানিকতায়। প্রথম দিনটি মূলত বরকে ঘিরে আয়োজন করা হয়। এদিন বরপক্ষের অতিথি, বন্ধু ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে চলে খাওয়াদাওয়া ও আনন্দ-উৎসব। কনের বাড়ির বাইরে বিয়ের উপহারসামগ্রী সাজিয়ে রাখারও রীতি রয়েছে।
দ্বিতীয় দিনটি কনের জন্য বিশেষভাবে উদ্যাপন করা হয়। এদিন পুরো গ্রাম উৎসবমুখর হয়ে ওঠে। নাচ, গান ও হাসি-আনন্দে মেতে ওঠেন গ্রামবাসীরা। বিয়ের অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী দলীয় নাচ ‘হোরো’। প্রথমে বর এই নাচে অংশ নেন, পরে তাঁর সঙ্গে যোগ দেন কনে।
উৎসবের এই পর্যায়েই কনের মুখে রঙিন নকশা আঁকার আনুষ্ঠানিকতা শুরু হয়। বৈবাহিক জীবনে প্রবেশের প্রতীক হিসেবে কনেকে বিশেষভাবে সাজানো হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর কনে প্রথমবারের মতো চোখ খোলেন। এরপর ইমাম এসে ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে পড়ান এবং নবদম্পতির সুখী জীবনের জন্য দোয়া করেন। পরে বর কনেকে নিজের বাড়িতে নিয়ে যান এবং তাঁর মুখের রং মুছে দেন।
বুলগেরিয়ার এমনই এক কনে জেরোভা জানিয়েছেন, তাঁদের বিয়ের দুই দিনের আয়োজনের আলাদা আনন্দ রয়েছে। প্রথম দিনটি বর ও তাঁর অতিথিদের ঘিরে কাটে। আর দ্বিতীয় দিনটি কনের বন্ধু ও আত্মীয়দের নিয়ে আনন্দ-উৎসবে মুখর থাকে।
পোমাকরা মূলত বুলগেরিয়া, উত্তর-পূর্ব গ্রিস ও উত্তর-পশ্চিম তুরস্কে বসবাসকারী বুলগেরীয় স্লাভিক ভাষাভাষী মুসলিম জনগোষ্ঠী। বুলগেরিয়ায় তাঁরা বুলগেরীয় মুসলিম হিসেবেও পরিচিত। তাঁদের ভাষা, ধর্মীয় বিশ্বাস ও নিজস্ব সামাজিক ঐতিহ্যের পাশাপাশি বিয়ের এই ব্যতিক্রমী সাজের রীতিও প্রজন্মের পর প্রজন্ম ধরে সাংস্কৃতিক পরিচয়ের অংশ হয়ে রয়েছে।
বিয়ের সাজে এমন অভিনব আয়োজন শুধু সৌন্দর্যচর্চার বিষয় নয়, বরং একটি জনগোষ্ঠীর ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতির ধারক। সময়ের পরিবর্তনেও পোমাকদের এই রঙিন বিয়ের ঐতিহ্য তাই বিশেষ আকর্ষণ ধরে রেখেছে।



