নেপাল থেকে নিজের নিরাপত্তার খবর দিলেন অপু বিশ্বাস

নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও আশপাশের কয়েকটি জেলায় ভয়াবহ দুর্যোগের সৃষ্টি হয়েছে। এর মধ্যেই ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন দেশের ভক্ত, শুভাকাঙ্ক্ষী, স্বজন ও গণমাধ্যমকর্মীরা।
তবে অপু বিশ্বাস জানিয়েছেন, তিনি ও ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদে রয়েছেন। প্রথম আলোকে পাঠানো এক ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, সিনেমাটির পুরো দল বর্তমানে নিরাপদ স্থানে রয়েছে এবং সবাই সুস্থ আছেন। নেপালের যে এলাকাগুলোতে ভয়াবহ দুর্যোগ দেখা দিয়েছে, সেসব স্থান তাদের অবস্থান থেকে অনেক দূরে বলেও জানান তিনি।

এর আগে নিজের ফেসবুক পোস্টেও ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগের কথা উল্লেখ করেন অপু বিশ্বাস। তিনি জানান, ভূমিকম্প ও বন্যার খবর প্রকাশের পর থেকেই অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়স্বজন ও প্রিয়জন ফোন এবং মেসেজ করে তাদের খোঁজখবর নিচ্ছেন। সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নেপালে শুটিংয়ের বর্তমান পরিস্থিতি জানিয়ে অপু বিশ্বাস বলেন, পাহাড়ি এলাকায় তাদের শুটিং পরশু শেষ হয়েছে। বর্তমানে সিনেমাটির ইনডোর দৃশ্যের শুটিং চলছে। বৃহস্পতিবার তারা কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা করেছেন। এরপর শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে তাদের।
চলতি মাসের শুরুতে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে যান অপু বিশ্বাস। গত ৪ আগস্ট থেকে দেশটির বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ চলছে। পাহাড়ি বিভিন্ন এলাকায় শুটিং শেষ করে বর্তমানে ইনডোরের কাজ করছেন সিনেমাটির শিল্পী ও কলাকুশলীরা।

এদিকে নেপালে সাম্প্রতিক দুর্যোগের কারণে শুধু অপু বিশ্বাসই নন, আরও কয়েকজন অভিনয়শিল্পীও দেশটিতে আটকা পড়েছেন। পশ্চিমবঙ্গের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়সহ সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন বর্তমানে নেপালে অবস্থান করছেন।
তবে দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও ‘শিকার’ সিনেমার টিম নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন অপু বিশ্বাস। পরিস্থিতি স্বাভাবিক থাকলে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাঠমান্ডু হয়ে শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে তাদের।



