প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং সৃজনশীল মেধার বিকাশের লক্ষ্যে কেবলমাত্র প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা ও নাটক নির্মাণ এবং সম্প্রচার বন্ধের দাবি জানিয়ে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এই আইনি নোটিশ পাঠান।

নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।
আইনি নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান চলচ্চিত্র ও নাটক শিল্পে কেবল প্রেম এবং অতিরিক্ত রোমান্টিক বিষয়বস্তুর আধিক্য দেখা যাচ্ছে। নোটিশদাতার দাবি, এ ধরনের কনটেন্টের ধারাবাহিক সম্প্রচারের ফলে দেশে এক ধরনের সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। এর প্রভাবে যুবসমাজ ও শিক্ষার্থীরা পড়াশোনা এবং ক্যারিয়ারের প্রতি অমনোযোগী হয়ে পড়ছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এতে আরও অভিযোগ করা হয়েছে, অনেক নাটক ও সিনেমায় পরকীয়া এবং বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক ও মহিমান্বিতভাবে উপস্থাপন করা হচ্ছে। নোটিশদাতার মতে, এ ধরনের উপস্থাপন সমাজের প্রচলিত নৈতিক কাঠামো ও পারিবারিক মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
নোটিশে আরও বলা হয়েছে, মূলধারার গণমাধ্যমে অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে ভূমিকা রাখছে। পাশাপাশি দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধির সঙ্গে এ ধরনের কনটেন্টের সরাসরি সম্পর্ক রয়েছে বলেও নোটিশে দাবি করা হয়েছে। যুবসমাজ ও সাধারণ মানুষকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারিবারিক মূল্যবোধ বজায় রাখাকে সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য জরুরি বলে উল্লেখ করা হয়েছে।
আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন নোটিশে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের কথা উল্লেখ করে আইনি যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেন, সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান ও আইন মেনে চলা এবং সামাজিক শৃঙ্খলা ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। অন্যদিকে, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হলেও শালীনতা ও নৈতিকতার স্বার্থে আইনের মাধ্যমে যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপের সুযোগ রয়েছে।
এছাড়া সংবিধানের ২৩ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব রয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
আইনি নোটিশে সরকারকে অবিলম্বে কেবলমাত্র প্রেম ও রোমান্সনির্ভর নাটক ও সিনেমা নির্মাণ এবং সম্প্রচারে কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে দেশের প্রকৃত সংস্কৃতি রক্ষা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে বিকল্পধারার ইতিবাচক ও শিক্ষামূলক কনটেন্ট তৈরির ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
নোটিশে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাবিষয়ক চলচ্চিত্র এবং নাটক নির্মাণ ও সম্প্রচারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাধ্যতামূলক নির্দেশনা দেওয়ারও দাবি জানানো হয়েছে। নোটিশদাতার মতে, এ ধরনের কনটেন্ট দেশপ্রেম, নৈতিকতা ও সৃজনশীল চিন্তাভাবনাসম্পন্ন জাতি গঠনে ভূমিকা রাখতে পারে।



