ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় বিশ্ববাজারে বিলিবিলির নতুন যাত্রা

চীনের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম বিলিবিলি এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে বড় পরিসরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের দর্শক ও কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক সংস্করণের অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করেছে। পাশাপাশি ইংরেজি ভাষার ওয়েবসাইটও তৈরির কাজ চলছে। এর মাধ্যমে বিশ্বজুড়ে ভিডিও প্ল্যাটফর্মের বাজারে ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় নামতে যাচ্ছে বিলিবিলি।
মানি কন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য বিলিবিলির নতুন অ্যাপ ইতোমধ্যে অ্যান্ড্রয়েডে চালু হয়েছে। শিগগিরই এর আইওএস সংস্করণও চালু হতে পারে। বিদেশি ব্যবহারকারীদের জন্য নিবন্ধন প্রক্রিয়াও সহজ করা হয়েছে। আগে চীনের বাইরে থেকে বিলিবিলির মূল প্ল্যাটফর্ম ব্যবহার করতে পাসপোর্ট বা পরিচয়পত্র দিয়ে পরিচয় যাচাই করতে হতো। নতুন আন্তর্জাতিক সংস্করণে এই বাধ্যবাধকতা রাখা হয়নি।
বিলিবিলির আন্তর্জাতিক ও চীনা প্ল্যাটফর্মে মূলত একই ধরনের কনটেন্ট রাখার পরিকল্পনা রয়েছে। ফলে বিদেশি নির্মাতারা চীনের বিপুল দর্শকের কাছে নিজেদের ভিডিও পৌঁছানোর সুযোগ পাবেন। একই সঙ্গে আন্তর্জাতিক দর্শকরাও প্ল্যাটফর্মটির কনটেন্ট উপভোগ করতে পারবেন।
বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে ইংরেজি ভাষার ওয়েবসাইটও তৈরি করছে বিলিবিলি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওয়েবসাইটটির ইংরেজি সংস্করণ শিগগিরই চালু হবে। আন্তর্জাতিক বাজারে অবস্থান শক্ত করতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানসহ গুরুত্বপূর্ণ অঞ্চলে কর্মী নিয়োগও শুরু করেছে তারা। লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওতে কমিউনিটি ম্যানেজার নিয়োগের জন্য পদ খোলা হয়েছে।
শুধু দর্শক বাড়ানো নয়, আন্তর্জাতিক নির্মাতাদের আয়ের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে বিলিবিলির। এ জন্য একটি মার্কেটপ্লেস তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে কনটেন্ট নির্মাতাদের সঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের যোগাযোগ করিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে স্পনসরড কনটেন্টসহ বিভিন্ন বাণিজ্যিক কাজের সুযোগ তৈরি হতে পারে।
চীনে বিলিবিলির জনপ্রিয়তা ইতোমধ্যে বেশ বড়। প্রতিষ্ঠানটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩৭ কোটি ৬০ লাখ। আন্তর্জাতিকভাবে পরিচিত নির্মাতাদেরও চীনা প্ল্যাটফর্মে যুক্ত করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। জনপ্রিয় মার্কিন কনটেন্ট নির্মাতা মি.বিস্টের মতো তারকারাও বিলিবিলির চীনা প্ল্যাটফর্মে পরিচিত।
তবে আন্তর্জাতিক বাজারে ইউটিউবের শক্ত অবস্থানের কারণে বিলিবিলির সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন দেশে কনটেন্ট নিয়ন্ত্রণ, সেন্সরশিপ ও ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। টিকটকের অভিজ্ঞতাও দেখিয়েছে, চীনা মালিকানাধীন প্রযুক্তি প্ল্যাটফর্মগুলো পশ্চিমা দেশগুলোতে নিয়ন্ত্রক সংস্থার বাড়তি নজরদারির মুখে পড়তে পারে।
তবু আন্তর্জাতিক নির্মাতাদের জন্য সহজ নিবন্ধন, নতুন দর্শক এবং আয়ের সুযোগ নিশ্চিত করতে পারলে বিশ্ব ভিডিও প্ল্যাটফর্মের বাজারে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে বিলিবিলি। ইউটিউবকে সামনে রেখে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠানটির এই সম্প্রসারণ ভিডিও কনটেন্টের বৈশ্বিক বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে।



