পুকুরে ডুবে ৫ বছরের জমজ দুই বোনের মৃত্যু

মাদারীপুরের রাজৈর উপজেলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে পাঁচ বছর বয়সী জমজ দুই বোন। মঙ্গলবার দুপুরে উপজেলার মোল্লাকান্দি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। একই সঙ্গে জন্ম নেওয়া দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত দুই শিশুর নাম তাবাসসুম ও তাহারিয়া। তারা ওই গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, দুই বোন সব সময় একসঙ্গে খেলাধুলা ও দুষ্টুমিতে মেতে থাকত। তাদের উপস্থিতিতে বাড়িটি থাকত প্রাণবন্ত। হঠাৎ তাদের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বাবা-মাসহ স্বজনরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির কাছেই একটি পুকুরপাড়ে খেলছিল তাবাসসুম ও তাহারিয়া। খেলতে খেলতে কোনো একসময় তারা পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসার পর খোঁজ শুরু করা হয়। পরে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে পুলিশ। পরে পরিবারের কাছে দুই শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নিহতদের প্রতিবেশী সীমা বেগম বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। দুই বোন একসঙ্গে পৃথিবীতে এসেছিল, আর ভাগ্যের নির্মম পরিহাসে তাদের বিদায়ও হলো একই সঙ্গে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



