বেগম খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমকের ‘চমক’

অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন। নিজের ভ্লগ সিরিজের নতুন পর্বে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান তুলে ধরার পাশাপাশি তার পরিচিত সাজ ও উপস্থিতি ধারণ করেন এই অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় প্রশংসার নানা মন্তব্য।

সম্প্রতি চমকের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশিত হয়। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের এ পর্বে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে।
ভিডিওটির ক্যাপশনে চমক খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে তাকে ‘গণতন্ত্রের মা’ ও দেশের রাজনৈতিক ইতিহাসের ‘আপসহীন নেত্রী’ হিসেবে তুলে ধরেন।
ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন স্থানে ধারণ করা ভিডিওতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা এবং চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়। তার পোশাক, সাজসজ্জা ও উপস্থাপনার ধরন খালেদা জিয়ার পরিচিত উপস্থিতির সঙ্গে অনেকটাই মিল থাকায় বিষয়টি দর্শকদের নজর কাড়ে। ভিডিও প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে চমকের সাজ নিয়ে প্রশংসা শুরু হয়। অনেক নেটিজেন তার রূপসজ্জা, অভিব্যক্তি ও উপস্থাপনার প্রশংসা করেছেন। কেউ মন্তব্য করেছেন, চমককে দেখতে অনেকটাই খালেদা জিয়ার মতো লাগছে। আবার কেউ বলেছেন, খালেদা জিয়াকে এভাবে উপস্থাপনের বিষয়টি তাদের কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। মুহূর্তের জন্য তাকে সত্যিই খালেদা জিয়া মনে হয়েছে—এমন মন্তব্যও করেছেন কয়েকজন।

এর আগে চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করে আলোচনায় আসেন চমক। সে সময় দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।
রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর কিছুটা বিরতি নিয়ে ২০২০ সালে ছোট পর্দায় অভিনয়ে নাম লেখান। অল্প সময়ের মধ্যেই ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।
অভিনয়ের পাশাপাশি বর্তমানে ভ্লগিংয়েও নিয়মিত কাজ করছেন চমক। আর এবার খালেদা জিয়ার সাজে তার উপস্থিতি নতুন করে তাকে আলোচনায় নিয়ে এসেছে।



