মাত্র ৬ হাজার রুপির জন্য প্রাণ হারাতে হয় এই অভিনেত্রীকে, নেপথ্যে যে কারণ

তালাবদ্ধ ফ্ল্যাটের ভেতর চলছে এসি আর টিভি। কিন্তু ফ্ল্যাটের ভেতর থেকে আসছে উৎকট গন্ধ। এই দুর্গন্ধ থেকেই পুলিশে খবর দেওয়ার পর ভেতর থেকে উদ্ধার করা হলো ২৭ বছর বয়সি উদীয়মান মডেল ও অভিনেত্রী কৃতিকা চৌধুরীর ক্ষতবিক্ষত ও পচাগলা মরদেহ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে ভারতের মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিম এলাকার ‘শ্রী ভৈরবনাথ এসআরএ সোসাইটি’র ৫০৩ নম্বর ফ্ল্যাটে।

২০১৭ সালের ১২ জুন স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টা নাগাদ বহুতল ভবনের বাসিন্দারা পাঁচতলার ফ্ল্যাটটি থেকে চরম দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। কৃতিকা ফ্ল্যাটে একাই থাকতেন। প্রতিবেশীরা পুলিশকে জানান, বন্ধ ঘরের ভেতর থেকে টিভি চলার শব্দ পাওয়া যাচ্ছে। পুলিশ এসে দরজা ভেঙে বিছানার ওপর নাইট গাউন পরিহিত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। অভিনেত্রীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং পাশেই পড়ে ছিল রক্তমাখা একটি ধাতব বস্তু। এ ছাড়া ঘর থেকে কিছু সাদা পাউডার (মাদক) ও রক্তমাখা একটি পুরুষের শার্ট উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, মাথায় ৩টি মারাত্মক আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। পুলিশের মতে, অপরাধ আড়াল করতে এবং মরদেহ দ্রুত পচে যাওয়া রোধ করতে খুনিরা ঘরের টিভি ও এসি চালু রেখে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়।
তদন্তে নেমে পুলিশ কৃতিকার ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে বের হয়ে যেতে দেখে। পাশাপাশি ফ্ল্যাটে ফেলে যাওয়া পুরুষের রক্তমাখা শার্টের ডিএনএ এবং খবরের ওপর ভিত্তি করে পুলিশ পানভেল থেকে মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তারা হলো নালাসোপারার বাসিন্দা শাকিল নাসিম এবং গোভান্ডির বাসিন্দা বাসুদেব।
পুলিশের দাবি অনুযায়ী, খুনের নেপথ্যে রয়েছে মাত্র ৬ হাজার রুপির মাদকের দেনা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাকিল একজন মাদক সরবরাহকারী। বছরখানেক আগে কৃতিকা তার কাছ থেকে মাদক নিয়েছিলেন, যার মধ্যে ৬ হাজার রুপি বকেয়া ছিল। বারবার অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েও কৃতিকা তা দিচ্ছিলেন না।
সে বছরের ৮ জুন রাতে শাকিল ও বাসুদেব কৃতিকার ঘরে যান। সেখানে তিনজনে মিলে রাতের খাবারও খান। কিন্তু এরপর টাকা নিয়ে তর্কাতর্কি শুরু হলে শাকিল তার সঙ্গে আনা ধাতব অস্ত্র দিয়ে কৃতিকার মাথায় সজোরে ৩টি আঘাত করেন, যার কারণে তার মৃত্যু হয়। কিন্তু নিজের শার্টে রক্তের দাগ লেগে যাওয়ায় সেটি ঘরে ফেলেই নতুন পোশাক পরে এসি-টিভি চালিয়ে তারা পালিয়ে যায়।
যদিও মাত্র ৬ হাজার রুপির জন্য এই হত্যা—পুলিশের এমন ব্যাখ্যায় মোটেই সন্তুষ্ট নয় কৃতিকার পরিবার। কৃতিকার ভাই দীপক জানান, পুলিশ ঘর থেকে ২২ হাজার রুপি নগদ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। যার কাছে ২২ হাজার রুপি নগদ রয়েছে, সে কেন সামান্য ৬ হাজার রুপির জন্য জীবন ঝুঁকিতে ফেলবে—এমন প্রশ্ন তুলেছেন তারা।
উল্লেখ্য, ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের মেয়ে কৃতিকা ২০১২ সালে মুম্বাই আসেন। ‘পরিচয়’, ‘সাবধান ইন্ডিয়া’-র মতো জনপ্রিয় টিভি ধারাবাহিক ছাড়াও ২০১৩ সালে কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘রাজ্জো’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুর আগে একটি ধারাবাহিকে সহকারী পরিচালক হিসেবেও কাজ করছিলেন এবং স্বাধীনভাবে পরিচালনা শুরুর পরিকল্পনাও করছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন ডানা মেলার আগেই থমকে যায় সব।
সূত্র: এনডিটিভি



