বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১৯ আগস্ট, ২০২৬
বিবিধ

প্রিন্সেস ডায়ানাকে নিয়ে ভাইয়ের নতুন বই, ‘সত্য’ প্রকাশের ঘোষণা

প্রিন্সেস ডায়ানাকে নিয়ে ভাইয়ের নতুন বই, ‘সত্য’ প্রকাশের ঘোষণা

প্রয়াত প্রিন্সেস ডায়ানার জীবন ও মৃত্যু নিয়ে নতুন বই লিখেছেন তার ভাই চার্লস স্পেনসর। ডায়ানার মৃত্যুর ৩০ বছর পূর্তি সামনে রেখে বোনকে ঘিরে প্রচলিত নানা ধারণার বিপরীতে নিজের স্মৃতি ও দৃষ্টিভঙ্গি তুলে ধরতেই বইটি লিখেছেন তিনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) চার্লস স্পেনসর জানান, ডায়ানাকে নিয়ে সাক্ষাৎকার দেওয়ার জন্য আবারও তার কাছে অসংখ্য অনুরোধ আসছিল। এ কারণেই বোনকে নিয়ে নিজের চিন্তা, স্মৃতি ও অভিজ্ঞতা লিখে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’ নামের বইটি আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রকাশিত হবে। বইটি ১২টি ভাষায় অনূদিত হওয়ার কথা রয়েছে। প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র‍্যান্ডম হাউস জানিয়েছে, ডায়ানার সঙ্গে স্পেনসরের জীবন এবং তার মৃত্যুর আগের মর্মান্তিক সপ্তাহের নানা ঘটনা বইটিতে উঠে আসবে। এটি হবে ডায়ানাকে নিয়ে স্পেনসরের প্রথম দীর্ঘ ও খোলামেলা লেখা।

স্পেনসর বলেন, ডায়ানার মৃত্যুর ৩০ বছর পূর্তি ঘনিয়ে আসায় তাকে নিয়ে সাক্ষাৎকারের অনুরোধ আবারও বেড়েছে। এ পরিস্থিতিই তাকে নিজের ভাবনা ও স্মৃতিগুলো একবারের জন্য লিখে রাখার বিষয়ে উৎসাহিত করেছে।

ডায়ানার ভাইয়ের দাবি, তার বোনকে নিয়ে প্রচলিত অনেক ধারণা এমন কিছু ভুল তথ্যের ওপর প্রতিষ্ঠিত, যা সময়ের সঙ্গে মানুষ সত্য হিসেবে গ্রহণ করেছে। তাই ডায়ানার পক্ষ হয়ে নিজের দৃষ্টিকোণ থেকে ইতিবাচকভাবে কথা বলাই তার উদ্দেশ্য।

১৯৯৭ সালের আগস্টে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় নিহত হন প্রিন্সেস ডায়ানা। তার শেষকৃত্যে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আবেগঘন বক্তব্য দেন স্পেনসর। সে সময় তিনি ডায়ানার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

প্রায় তিন দশক পরও ডায়ানা বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী এক ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয়। তবে বর্তমানে রাজপরিবারের অভ্যন্তরীণ বিরোধের কারণে তার দুই ছেলে উইলিয়াম ও হ্যারির সম্পর্ক বেশ দূরত্বপূর্ণ। ডায়ানার সাবেক স্বামী রাজা তৃতীয় চার্লসও বর্তমানে তার সাবেক প্রেমিকা ক্যামিলাকে বিয়ে করে যুক্তরাজ্যের রাজা হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্পেনসর বলেন, একজন ভাইয়ের দৃষ্টিকোণ থেকে ডায়ানার জীবনের সত্য তুলে ধরাই বইটির মূল উদ্দেশ্য।

৬২ বছর বয়সী স্পেনসর ডায়ানার দুই ছেলের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। চলতি বছরের জুলাইয়ের শুরুতে হ্যারি, তার স্ত্রী মেগান ও তাদের দুই সন্তান মধ্য ইংল্যান্ডে স্পেনসরের পৈতৃক বাড়ি অ্যালথর্পে যান। সেখানে তারা ডায়ানার সমাধিও পরিদর্শন করেন বলে জানা গেছে।

Advertisements
প্রিন্সেস ডায়ানাবইসত্য