পূজা চেরির স্পষ্ট বার্তা, ‘আমি এনগেজড, তবে এখনো বিয়ে হয়নি’

ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরির বিয়ে নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন তিনি। তার দাবি, তথ্য যাচাই না করে তাকে ঘিরে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হচ্ছে। এমন খবর প্রকাশ অব্যাহত থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন অভিনেত্রী।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পূজা জানান, বেশ কিছুদিন ধরেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের অসত্য খবর ছড়ানো হচ্ছে। কখনো কোনো নির্দিষ্ট পেশার ব্যক্তির সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তাঁর নাম জড়িয়ে নানা ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে। বিষয়টি তার জন্য বিব্রতকর বলেও উল্লেখ করেন তিনি।
নিজের বিয়ের প্রসঙ্গে পূজা বলেন, একটি সাক্ষাৎকারেই তিনি বিষয়টি পরিষ্কার করেছিলেন। তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি। বিয়ে হলে সেটি গোপন রাখার কোনো কারণ নেই বলেও জানান তিনি।

পূজা বলেন, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নিজেই আনন্দের সঙ্গে সবাইকে বিষয়টি জানাবেন। তাই তাকে নিয়ে অনুমাননির্ভর বা মনগড়া সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেছেন তিনি।
বর্তমানে অভিনয় থেকে কিছুটা বিরতিতে থাকার কারণও জানিয়েছেন পূজা। তার ভাষ্য, এই সময়টায় তিনি নিজেকে সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই সাম্প্রতিক সময়ে তাকে ক্যামেরার সামনে তুলনামূলক কম দেখা যাচ্ছে।
তবে কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। তার মতে, কোনো তথ্য নিশ্চিত না করে বারবার তাকে জড়িয়ে সংবাদ প্রকাশের উদ্দেশ্য তাঁর কাছে স্পষ্ট নয়।
নিজের অবস্থান আরও পরিষ্কার করে পূজা বলেন, ‘আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

ব্যক্তিগত গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার নিয়েও সতর্ক করেছেন তিনি। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ এবং মিথ্যা তথ্য প্রচার আইনত দণ্ডনীয় হতে পারে বলে উল্লেখ করেন পূজা। পাশাপাশি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ এবং ডিজিটাল মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে বিদ্যমান আইনি ব্যবস্থার কথাও তুলে ধরেন।
সংবাদকর্মীদের প্রতি বস্তুনিষ্ঠতা বজায় রেখে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে মিথ্যা বা বিভ্রান্তিকর খবর প্রকাশিত হলে নিজের অধিকার রক্ষায় আইনি পদক্ষেপ নিতে বাধ্য হতে পারেন বলেও সতর্ক করেছেন।
এদিকে, সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরি। রেদওয়ান রনি পরিচালিত ও প্রযোজিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।



