এসএসসি খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা

এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের জন্য এখন পর্যন্ত ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিপুলসংখ্যক আবেদনের পরিপ্রেক্ষিতে কোন ধরনের খাতা পুনঃমূল্যায়ন করা হবে, তা নির্ধারণে নীতিমালা প্রণয়নের কথা জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
খাতা পুনঃমূল্যায়নে বিপুলসংখ্যক আবেদন পড়ার পর সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ১৯৮০ সংশোধনের মাধ্যমে খাতা পুনঃমূল্যায়নের সুযোগ চালু করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে প্রায় সব শিক্ষার্থী আবেদন করায় বিপুলসংখ্যক খাতা পুনরায় পরীক্ষা করা বাস্তবসম্মত নয়।
তিনি বলেন, প্রায় ২০ লাখ শিক্ষার্থীর খাতা আবার যাচাই করতে হলে তা কার্যত অসম্ভব হয়ে পড়বে। তাই কোন ধরনের খাতা পুনঃমূল্যায়নের আওতায় আসবে এবং কোনগুলো আসবে না, তা নীতিমালার মাধ্যমে নির্ধারণ করা হবে।
শিক্ষামন্ত্রী জানান, ইতোমধ্যে ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এসব আবেদনের নিষ্পত্তির পর শিক্ষার্থীদের কলেজে ভর্তির প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। এ কারণে পুরো প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।
বর্তমানে যেসব শিক্ষার্থী পুনঃমূল্যায়নের আবেদন করেছে, তাদের খাতার টেবুলেশন শিট ও নিরীক্ষার বিষয়গুলো যাচাই করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। কোনো খাতায় গুরুতর অসঙ্গতি বা সমস্যা পাওয়া গেলে সেগুলোকে গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে।
পুনঃমূল্যায়নের মাধ্যমে পরীক্ষকদের খাতা মূল্যায়নের মান সম্পর্কেও ধারণা পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি। কোনো পরীক্ষক সঠিকভাবে খাতা মূল্যায়ন করছেন কি না কিংবা নম্বর দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের অসঙ্গতি করছেন কি না, তাও যাচাই করা সম্ভব হবে।
মূল্যায়ন প্রক্রিয়ায় কোনো ধরনের সমস্যা বা অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।



