বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১৬ আগস্ট, ২০২৬
জীবনযাপন

যে লক্ষণে বুঝবেন সঙ্গী আপনাকে সম্মান করে না

4-4

ভালোবাসার সম্পর্কে শুধু আবেগ বা টান থাকলেই হয় না, প্রয়োজন পারস্পরিক সম্মানও। একে অন্যের অনুভূতি, মতামত, সাফল্য ও ব্যক্তিগত সীমারেখাকে গুরুত্ব দেওয়া একটি সুস্থ সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি। অনেক সময় সঙ্গী ভালোবাসার কথা বললেও তার আচরণে অসম্মান প্রকাশ পেতে পারে। শুরুতে এসব বিষয় ছোট মনে হলেও সময়ের সঙ্গে তা সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তাই সঙ্গীর আচরণে কিছু পরিবর্তন বা নির্দিষ্ট কিছু লক্ষণ নিয়মিত দেখা গেলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

বারবার কথা দিয়ে কথা না রাখা

সম্পর্কে দেওয়া প্রতিশ্রুতি সব সময় শতভাগ পূরণ করা সম্ভব নাও হতে পারে। তবে একজন দায়িত্বশীল সঙ্গী অন্তত নিজের দেওয়া কথা রাখার চেষ্টা করেন এবং না পারলে তার কারণ ব্যাখ্যা করেন। কিন্তু কোনো কারণ ছাড়াই যদি সঙ্গী বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেন এবং আপনার অনুভূতিকে গুরুত্ব না দেন, তাহলে বিষয়টি ভাবার মতো। এতে বোঝা যেতে পারে, আপনার প্রত্যাশা বা অনুভূতিকে তিনি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না।

সবার সামনে অপমান বা উপহাস করা

মজা ও অপমানের মধ্যে পার্থক্য আছে। সঙ্গী যদি বন্ধু, পরিবার বা পরিচিতদের সামনে নিয়মিত আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে হাসি-ঠাট্টা করেন, দুর্বলতা নিয়ে কথা বলেন কিংবা আপনাকে বিব্রত করেন, সেটিকে নিছক মজা বলে এড়িয়ে যাওয়া ঠিক নয়। বিশেষ করে আপনি অস্বস্তি প্রকাশ করার পরও যদি তিনি একই আচরণ চালিয়ে যান, তাহলে তা অসম্মানের স্পষ্ট ইঙ্গিত হতে পারে।

আপনার সাফল্যকে গুরুত্ব না দেওয়া

নতুন চাকরি, পদোন্নতি, পরীক্ষায় ভালো ফল কিংবা ব্যক্তিগত কোনো অর্জন—জীবনের ছোট-বড় সাফল্য প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নিতে সবাই চান। কিন্তু আপনার সাফল্যে সঙ্গী যদি বারবার উদাসীন থাকেন, বিষয়টি খাটো করে দেখেন কিংবা অন্যের সঙ্গে তুলনা করে আপনার আনন্দ নষ্ট করেন, তাহলে তা সম্পর্কের জন্য ইতিবাচক নয়। একজন সম্মানজনক সঙ্গী অন্তত আপনার অর্জনকে স্বীকার করবেন এবং আপনার আনন্দে অংশ নেওয়ার চেষ্টা করবেন।

মতামতকে গুরুত্ব না দেওয়া

সম্পর্কে দুজনের মত সব সময় এক হবে না। মতবিরোধ থাকতেই পারে। তবে আপনার কথা না শুনে সব সিদ্ধান্ত নিজের মতো করে নেওয়া, আপনার মতামতকে তুচ্ছ করা বা আপনার কথা বলার সুযোগ না দেওয়া পারস্পরিক সম্মানের ঘাটতির ইঙ্গিত হতে পারে।


ব্যক্তিগত সীমারেখা অগ্রাহ্য করা

আপনি কোনো আচরণে অস্বস্তি বোধ করছেন বা স্পষ্টভাবে কোনো বিষয়ে ‘না’ বলছেন—তারপরও সঙ্গী যদি সেটি উপেক্ষা করেন, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার। সুস্থ সম্পর্কে ভালোবাসার পাশাপাশি একে অন্যের ব্যক্তিগত সীমারেখার প্রতিও সম্মান থাকা জরুরি।

এসব আচরণ একবার-দুবার ঘটলেই যে সঙ্গী আপনাকে সম্মান করেন না, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। তবে একই আচরণ যদি নিয়মিত হয় এবং বিষয়টি নিয়ে কথা বলার পরও কোনো পরিবর্তন না আসে, তাহলে সম্পর্কটি নিয়ে ঠান্ডা মাথায় ভাবা প্রয়োজন। কারণ ভালোবাসার পাশাপাশি একটি সুস্থ সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক সম্মান, বিশ্বাস ও বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisements
অপমানসঙ্গীসম্মানসীমারেখা