কেবিসির মারাঠি সংস্করণে সঞ্চালকের আসনে মাধুরী দীক্ষিত

‘কৌন বনেগা ক্রোড়পতি’ ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কুইজ শো। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটির সঞ্চালকের আসনে অমিতাভ বচ্চনকে দেখেই অভ্যস্ত দর্শক। তবে এবার জনপ্রিয় এই আয়োজনের মারাঠি সংস্করণে নতুন ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নতুন দায়িত্বের খবর জানিয়েছেন মাধুরী। তিনি জানান, জনপ্রিয় এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে তার জীবনের নতুন একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার সঙ্গে যুক্ত এমন একটি অনুষ্ঠানের অংশ হতে পেরে তিনি উচ্ছ্বসিত।
মাধুরীর হাত ধরে প্রথমবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মারাঠি সংস্করণে নারী সঞ্চালকের অভিষেক হতে যাচ্ছে। এর আগে এই সংস্করণটি উপস্থাপনা করেছেন স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর ও নাগরাজ মঞ্জুলে।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন রিয়েলিটি শোর বিচারকের দায়িত্ব পালন করেছেন মাধুরী। তবে কুইজ শোর সঞ্চালক হিসেবে এবারই প্রথম তাকে দেখা যাবে। যদিও ‘কৌন বনেগা ক্রোড়পতি’র আঞ্চলিক সংস্করণে এর আগে নারী সঞ্চালক হিসেবে তামিল সংস্করণে দায়িত্ব পালন করেছেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার।

নতুন দায়িত্ব ঘিরে ইতিমধ্যে মাধুরীর ভক্তদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। এবার তার সাবলীল উপস্থাপনা, দর্শকের সঙ্গে যোগাযোগ এবং স্বতন্ত্র ব্যক্তিত্ব কুইজ শোটিকে কতটা নতুন মাত্রা দেয়, সেটিই দেখার অপেক্ষা।
অভিনয়ের পাশাপাশি টেলিভিশনেও মাধুরীর উপস্থিতি বরাবরই দর্শকের নজর কেড়েছে। সর্বশেষ তাকে দেখা গেছে ‘মা বেহেন’ সিনেমায়। ওটিটিতে মুক্তির পর সিনেমাটি দর্শকের প্রশংসাও পেয়েছে। এবার ছোট পর্দায় নতুন ভূমিকায় মাধুরীকে দেখার অপেক্ষায় তার অনুরাগীরা।



