সাগরে নিম্নচাপ, শুক্রবার থেকেই বাড়তে পারে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামীকাল শুক্রবার থেকে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। এর প্রভাব রাজধানীতেও পড়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে রোববার থেকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।
নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, নিম্নচাপটি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছিল। এর প্রভাব তাৎক্ষণিকভাবে খুব বেশি বোঝা না গেলেও শুক্রবার থেকে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
তিনি বলেন, শুক্রবার খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজধানীতে শুক্রবার দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও কিছুটা বৃষ্টি হতে পারে। তবে রোববার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। এ সময় হালকা বৃষ্টিও হয়। পরে দুপুরের দিকে আকাশ পরিষ্কার হয়ে রোদ ওঠে। এদিন রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে, ১৫১ মিলিমিটার।
আবহাওয়াবিদেরা বলছেন, এবারের নিম্নচাপের প্রভাবে অতিরিক্ত ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই। ফলে গত মাসের শুরুতে প্রবল বৃষ্টিতে যেভাবে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এবার তেমন পরিস্থিতির আশঙ্কাও এখন পর্যন্ত দেখা যাচ্ছে না।
তবে আগামী দুই দিনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে পারে। রোববার থেকে গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকার নদ-নদীর পানিও বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও তা বিচ্ছিন্নভাবে হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনায় বৃহস্পতিবার বিকেল থেকে সমুদ্রবন্দর ও নদীবন্দরগুলোতে সতর্কসংকেত জারি করা হয়েছে। এই সতর্কতা পরবর্তী ২৪ ঘণ্টার জন্য কার্যকর থাকবে।



