হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ১ হাজার ২৫

দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৫১ শিশুর শরীরে এবং নতুন করে ৭৪ শিশুর হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এক দিনে নতুন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট ৮৯০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৯১ শিশু।
একই সময়ে দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬১৯ জনে। এর মধ্যে গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট পর্যন্ত হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ১ লাখ ৪০ হাজার ৭৬ জন। আর পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৪৩ জনের শরীরে।
হাসপাতালে ভর্তি এক লাখের বেশি শিশু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২১ হাজার ৯০৮ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন।
গত ২৪ ঘণ্টায় যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুজন ঢাকা বিভাগের বাসিন্দা। এ ছাড়া সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
ঢাকা বিভাগে আক্রান্ত বেশি
নতুন করে হামের উপসর্গের রোগী শনাক্তের দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৩৫৮ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৩২ শিশুর শরীরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও প্রায় ৯০০-তে পৌঁছেছে। বিশেষ করে নিশ্চিত হাম শনাক্তের তুলনায় হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ায় দ্রুত রোগ শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা এবং টিকাদান কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তা সামনে এসেছে।



