১২ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৮ ভাদ্র ১৪৩৩
জীবনযাপন

সন্তানকে স্বাবলম্বী করতে ছোটবেলা থেকেই ‘না’ বলুন : মিশেল ওবামা

images

সন্তান কিছু চাইলে ‘না’ বলতে কারোইবা ভালো লাগে? বেশিরভাগ মা-বাবা সন্তানের মুখে হাসি দেখতে চান। তাই আবদার করলে পূরণ করে দেন, ভুল করলে বাঁচাতে এগিয়ে যান, কোনো সমস্যায় পড়লে নিজেরাই সমাধান করে দেন।

কিন্তু এতে কি সন্তান সত্যিই স্বাবলম্বী হয়ে ওঠে? মিশেল ওবামার উত্তর- সব সময় নয়।

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মনে করেন, সন্তানকে ভালোবাসার পাশাপাশি ছোটবেলা থেকেই তাকে কিছু বিষয় নিজের মতো করে সামলাতে শেখানো জরুরি। কখনো তাকে ‘না’ বলতে হবে, কখনো তাকে ভুল করতে দিতে হবে। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও বাড়াতে হবে।

‘অন পারপাস’ অনুষ্ঠানে সন্তান লালন-পালন নিয়ে নিজের ভাবনার কথা বলেন মিশেল। সেখানে তিনি জানান, সন্তানকে স্বাবলম্বী করার প্রস্তুতি ১৮ বছর বয়সে গিয়ে শুরু করলে হবে না। এই শিক্ষা শুরু করতে হবে ছোটবেলা থেকেই। মিশেলের মতে, ছোটবেলায় সন্তানকে সীমারেখা বোঝানো খুব জরুরি। কারণ জীবন সব সময় তার ইচ্ছেমতো চলবে না- এই সত্যটা যত আগে সে বুঝবে, বড় হয়ে বাস্তব পরিস্থিতি সামলানো তত সহজ হবে। তিনি মনে করেন, পাঁচ বছর বয়সেই সন্তানকে কখনো কখনো ‘না’ বলতে হবে। তার নিজের বিছানায় ঘুমানোর অভ্যাস তৈরি করা, সব আবদার পূরণ না করা কিংবা কিছু নিয়ম মেনে চলতে শেখানো- এসবই আসলে ভবিষ্যতের জন্য প্রস্তুতি।

এখানে ‘না’ বলা মানে সন্তানকে শাস্তি দেওয়া নয়। বরং তাকে বোঝানো, পৃথিবীতে কিছু নিয়ম আছে এবং সব ইচ্ছা পূরণ হওয়া সম্ভব নয়। মিশেলের মতে, স্বাবলম্বিতা এমন কোনো বিষয় নয়, যা ১৮ বছর বয়সে হঠাৎ তৈরি হয়। ছোটবেলার অভ্যাস, দায়িত্ব এবং অভিজ্ঞতার মধ্য দিয়েই ধীরে ধীরে একজন শিশু নিজের ওপর নির্ভর করতে শেখে।

Advertisements